রাজধানীর পোস্তগোলা এলাকায় গতকাল শুক্রবার সকালে সন্ত্রাসী হামলায় প্রায় ২৫ জন অটোরিকশাচালক আহত হয়েছেন। এর প্রতিবাদে তাঁরা প্রায় দেড় ঘণ্টা পোস্তগোলা সড়ক অবরোধ করে রাখেন।চালকদের অভিযোগ, চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা এই হামলা করেছে। তবে পুলিশ বলছে, একটি ফ্যাক্টরির সামনে অটোরিকশা রাখাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে ১০-১২ জন অস্ত্রধারী যুবক পোস্তগোলা সিএনজি স্ট্যান্ডে ঢুকে পড়ে। স্ট্যান্ডে ঢুকেই তাঁরা কয়েকটি ফাঁকা গুলি করে। এরপর তারা অটোরিকশাচালকদের মারধর করে। এতে ২০-২৫ জন চালক আহত হন। আহত প্রত্যেককেই স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।সূত্র জানায়, এই ঘটনার পর দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষুব্ধ চালকেরা পোস্তগোলা সড়কে অটোরিকশা রেখে সড়ক অবরোধ করেন। পরে পুলিশের হস্তক্ষেপে দুইটার দিকে পরিস্থিতি শান্ত হয়। ঘটনাস্থল কদমতলী ও শ্যামপুর থানার মাঝখানে হওয়ায় ওই সময় উভয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারাও (ওসি) উপস্থিত ছিলেন।আহত চালক বাংলাদেশ অটোরিকশা শ্রমিক ইউনিয়ন পোস্তগোলা শাখার সাধারণ সম্পাদক সংগ্রাম প্রথম আলোকে বলেন, চাঁদা না দেওয়ায় এই হামলা হয়েছে। তিনি বলেন, নূরে আলম বাবুল নামে স্থানীয় এক সন্ত্রাসী অটোরিকশাচালকদের কাছে চাঁদা দাবি করে আসছিল। তা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা এই হামলা করেছে। তাঁরা এ ব্যাপারে দুই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। শ্যামপুর থানার অপারেশন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, নূরে আলম বাবুলের ফ্যাক্টরির সামনে সিএনজি রাখাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। তিনি বলেন, নিষেধ করা সত্ত্বেও চালকেরা প্রায় সময় তাঁর ফ্যাক্টরির সামনে অটোরিকশা দাঁড় করিয়ে রাখেন। গতকাল শুক্রবার বাবুলসহ কয়েকজন যুবক অটোরিকশার এক চালককে মারধর করে একটি কক্ষে আটকে রাখেন। এরই জের ধরে এই ঘটনা ঘটে। চাঁদাবাজির কারণে এই ঘটনা ঘটেছে কি না, জানতে চাইলে তিনি বলেন, গোপনে চাঁদাবাজি থাকলে থাকতেও পারে।একই মন্তব্য করলেন কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি বলেন, আগেও চালকেরা কখনো চাঁদাবাজির অভিযোগ নিয়ে থানায় আসেননি।স্থানীয় সাংসদ সানজিদা খানম প্রথম আলোকে বলেন, অটোরিকশা রাখাকে কেন্দ্র করে বাবুল নামে একজনের সঙ্গে চালকদের সংঘর্ষ হয়েছে। তিনি জানান, ‘চাঁদাবাজির ঘটনা শুনিনি। চালকদের মারধর করে আটকে রাখা বা চাঁদাবাজির ঘটনা যদি থাকে, তাহলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’