পোস্তগোলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
রাজধানীর পোস্তগোলায় গতকাল শুক্রবার সন্ধ্যায় স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মহিলাসহ অন্তত ১০ জন আহত হয়েছে। গতকাল বিকেলে স্থানীয় নওজোয়ান ক্লাবে ৯০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ঈদ পুনর্মিলনীর আয়োজন করে। অনুষ্ঠানের কয়েকজন বক্তা ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবুল আহমেদের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি করার অভিযোগ করেন। তাঁরা বলেন, বাবুল পোস্তগোলার অটোরিকশাস্ট্যান্ড ও বুড়িগঙ্গা সেতুর টোল কেন্দ্র থেকে প্রতিদিন নয় হাজার টাকা চাঁদাবাজি করছেন। শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী শহীদ এ কথা সমর্থন করে বক্তব্য দেন। এর পরই আওয়ামী লীগের দুই নেতা তোফাজ্জল ও বাবুলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। আওয়ামী লীগের নেতা-কর্মীরা একে অন্যকে চেয়ার ছুড়ে মারেন। এতে অন্তত ১০ জন আহত হন। পরে শ্যামপুর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।মাসুদ (২২) নামের এক কর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এ ব্যাপারে জানতে চাওয়া হলে থানা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, ‘ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হলে স্থানীয় সাংসদ এর বিরোধিতা করেন। গতকাল অনুষ্ঠান শুরু হলে তাঁর লোকজন এসে মাইক খুলতে গেলেই সংঘর্ষের সূত্রপাত হয়।’ তোফাজ্জল বলেন, বাবুলের চাঁদাবাজির বিষয়ে থানার পুলিশও জানে। শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমিরউদ্দিন আহমেদ প্রথম আলোকে জানান, শ্যামপুর থানা আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্বের জের ধরেই সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওসি বলেন, ‘আওয়ামী লীগ নেতার চাঁদাবাজির বিষয়ে স্থানীয় লোকজন বলাবলি করছে। তবে এ ব্যাপারে পুলিশ প্রমাণ পায়নি।’