পোস্তগোলায় আগুনে শিশুর মৃত্যু
রাজধানীর পোস্তগোলায় গত মঙ্গলবার রাতে মোজা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে শ্রাবন্তী নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আগুনে টিনের ছাউনির দোতলা কারখানাটি পুড়ে গেছে।দমকল সূত্র জানায়, মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে পোস্তগোলার ৯৫, রজব আলী সরদার রোডে দোতলা টিনের ছাউনির বাড়ির নিচতলায় মোজা তৈরির কারখানায় মোমবাতি থেকে আগুন ধরে যায়। একপর্যায়ে আগুনের শিখা নিচতলার পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। এ সময় কারখানার মালিক আমির হোসেন, তাঁর পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন আগুন নেভাতে শুরু করে। একপর্যায়ে কারখানার ওপরের তলায় আগুন ধরে যায়। সেখানে আটকে পড়া আমির হোসেনের মেয়ে শ্রাবন্তী আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যায়। আগুনের তীব্রতার কারণে কেউ শিশুটিকে উদ্ধার করতে পারেনি।পরে দমকলের কর্মীরা আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলেন। তাঁরা দোতলা থেকে শ্রবন্তীর দগ্ধ মৃতদেহ উদ্ধার করেন।এলাকাবাসী অভিযোগ করেন, ঘটনাস্থলের কাছেই দমকলের কার্যালয় থাকা সত্ত্বেও তারা পৌঁছায় অনেক দেরিতে। এ ব্যাপারে দমকলের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়, রাস্তা সরু থাকায় তাদের গাড়ি দ্রুত ঘটনাস্থালে পৌঁছাতে পারেনি। পরে বিকল্প ব্যবস্থায় পানি ছিটিয়ে আগুন নেভানো হয়।কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুবুর রহমান বলেন, ময়নাতদন্ত ছাড়াই শিশুর লাশ দাফনের জন্য তাঁর মা-বাবাকে অনুমতি দেওয়া হয়েছে।