পোস্তগোলায় রাজউকের উচ্ছেদ অভিযানে সাংসদের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বুলডোজার চললে আমার রক্তের ওপর দিয়ে চলতে হবে। জনগণ আমাকে ভোট দিয়েছে, তাদের ভালোমন্দ দেখতে গিয়ে আমাকে এই ষড়যন্ত্র প্রতিহত করতেই হবে।’ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) গতকাল সোমবার পোস্তগোলা এলাকায় তাদের তালিকাভুক্ত ‘অবৈধ স্থাপনা’ উচ্ছেদ করতে গেলে স্থানীয় ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সানজিদা খানম এভাবেই তাদের বাধা দেন। এর ফলে অভিযান শুরু না করেই ফিরে আসতে হয় রাজউকের ম্যাজিস্ট্রেট, অন্য কর্মকর্তা ও দলবলকে। সরকারদলীয় সংসদ সদস্য হয়েও সরকারি কাজে বাধা দিয়েছেন কেন—প্রথম আলোর এই প্রশ্নের জবাবে সংসদ সদস্য সানজিদা খানম বলেন, ‘এটা কোনো সরকারি কাজ নয়। জোট সরকারের সময় কিছু লোক এই প্লট নিয়ে ষড়যন্ত্র করেছিল, তার ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে।’ পোস্তগোলা শিল্প এলাকার ১৬১ নম্বর প্লটে অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজউক অভিযান চালাবে—এই খবরে গতকাল সকাল থেকেই শত শত লোক পোস্তগোলা সেতুর পাশে সমবেত হয়। তারা প্লাকার্ড, ব্যানার, লাঠি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এলাকায় সড়কে টায়ারে আগুন ধরিয়ে অবরোধ সৃষ্টি করা হয়। এর ফলে পোস্তগোলা থেকে যাত্রাবাড়ীর দিকে এবং নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও কেরানীগঞ্জ পথে দীর্ঘ সময় যানবাহন চলাচল একরকম বন্ধই থাকে। রাজউকের ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দ্দৌলা ও নির্বাহী প্রকৌশলী (দক্ষিণ) জামাল আক্তার ভূঞার নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থলে যায়। বিক্ষোভের মুখে রাজউক কর্মকর্তারা সরাসরি উচ্ছেদস্থলে না গিয়ে শ্যামপুর থানায় গেলে সংসদ সদস্য সানজিদা খানমও দলবল নিয়ে মিছিলসহকারে থানায় আসেন। সেখানে আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতাকে নিয়ে তিনি রাজউক ও পুলিশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় সানজিদা খানম রাজউকের এই উচ্ছেদ অভিযানকে ‘অন্যায় ও অনৈতিক’ বলে উল্লেখ করেন এবং এ কাজ থেকে বিরত থাকার দাবি জানান।ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দ্দৌলা প্রকৃত গ্রহীতাকে প্লট বুঝিয়ে দেওয়ার বিষয়ে সহযোগিতা করার জন্য সংসদ সদস্যকে অনুরোধ জানান। পরে তিনি সাংবাদিকদের জানান, সার্বিক অবস্থা বিবেচনা করে আপাতত উচ্ছেদ কার্যক্রম স্থগিত করা হয়েছে। রাজউক সূত্র জানায়, ১৯৭৮ সালে ধোলাইপাড় এলাকার নবাব ইউসুফ মার্কেট থেকে বাবুবাজার সড়ক নির্মাণের সময় মেট্রো ইঞ্জিনিয়ারিং লিমিটেডের মালিক এম এ করিম ক্ষতিগ্রস্ত হন। তাঁকে ১৯৭৯ সালের ৪ এপ্রিল পোস্তগোলার উল্লিখিত পাঁচ কাঠার প্লটটির বরাদ্দ এবং ১৯৮৩ সালে প্লটের দখল বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু জলাভূমি থাকায় সেখানে তিনি স্থাপনা নির্মাণ করেননি। পরে জনৈক নাসির মিয়াসহ কয়েকজন স্থানীয় ব্যক্তি নিচু জমি ভরাট করে অস্থায়ী স্থাপনা নির্মাণ করে প্লটের দখল নেন।তবে রাজউক সূত্রমতে, প্লটটির মালিকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছর ১৬ নভেম্বর বসবাসকারী দখলদারদের নোটিশ দেওয়া হয়।