পোস্তগোলায় সমাবেশে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস, বিদ্যুৎ ও পানির দাবিতে রাজধানীর পোস্তগোলার আলম মার্কেটের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশে হামলা হয়েছে। হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে বিএনপি। তবে পুলিশ বলেছে, বিএনপির দুই পক্ষ গোলযোগ করেছে। কর্মসূচিতে মাইক ব্যবহার করতেও বাধা দিয়েছে পুলিশ।ওপরে উল্লিখিত দাবিতে গতকাল বৃহস্পতিবার মহানগরের ১১টি স্থানে বিক্ষোভের আয়োজন করে বিএনপি। প্রতিটি এলাকাতেই এক বা একাধিক কেন্দ্রীয় নেতা বক্তব্য দেন। বিএনপি অভিযোগ করেছে, কয়েকটি এলাকায় বিক্ষোভে পুলিশ এবং ছাত্রলীগ ও যুবলীগ বাধা দিয়েছে। আগের দিন বুধবারও একই দাবিতে তেজগাঁওয়ে বিএনপির বিক্ষোভে হামলা করেছিল স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা।বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল বিকেল চারটার দিকে পোস্তগোলার আলম মার্কেটের সামনে বিক্ষোভের আয়োজন করে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বক্তব্য শেষ করার পর বিকেল চারটা ৫০ মিনিটের দিকে যাত্রাবাড়ীর দিক থেকে একদল লোক এসে বিক্ষোভকারীদের ধাওয়া করে প্যান্ডেল ভেঙে দেয়। হামলাকারীরা জয় বাংলা স্লোগান দিয়েছিল বলেও জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। তবে শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, মোশাররফ হোসেনের বক্তব্য শেষ হওয়ার পরই ঢাকা-৪ আসনের সাবেক সাংসদ সালাহউদ্দিন আহমেদ ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর নবী উল্লাহর সমর্থকদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়। এর আগে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির নেতা খন্দকার মোশাররফ বলেন, ‘যে সরকার বিদ্যুৎ, গ্যাস দিতে পারে না, তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই।’ তিনি বলেন, ‘আমরা বিদ্যুৎ দিতে পারিনি—এটা ভুল কথা। চারদলীয় জোট ক্ষমতায় থাকাকালে আমরা জাতীয় গ্রিডে দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ যোগ করেছি। আরও আড়াই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প নিয়েছিলাম।’আরও ১০ জায়গায় কর্মসূচি পালিত: পোস্তগোলা ছাড়াও আরও ১০টি এলাকায় একই দাবিতে বিক্ষোভ করেছে বিএনপি। প্রতিটি কর্মসূচিই বিকেল সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে শুরু হয়। যেসব এলাকায় কর্মসূচি পালিত হয়, সেগুলো হলো পল্লবীর চলন্তিকা মোড়, মিরপুর-১০ নম্বর গোল চত্বর, কাফরুলের তালতলা, নিউ মার্কেট, মৎস্য ভবন, হাজারীবাগের বউবাজার, খিলগাঁও চৌরাস্তা, গুলশানের ওয়্যারলেস গেট, মিরপুর-১ নম্বরের তানিম বিল্ডিংয়ের সামনে ও আদাবরের সূচনা কমিউনিটি সেন্টারের সামনে। দলের কেন্দ্রীয় নেতারা এতে বক্তব্য দেন।মৎস্য ভবনের সামনে কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন সরকারকে উদ্দেশ করে বলেন, ‘এটা সরকার পতনের আন্দোলন নয়। জনগণকে বিড়ম্বনা থেকে রক্ষা করার আন্দোলন।’মহাসচিবের নিন্দা: বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন গতকাল এক বিবৃতিতে বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশের বাধা ও ছাত্রলীগ-যুবলীগের হামলার নিন্দা জানিয়েছেন।