পোড়া জনপদে জীবন্ত দগ্ধ নেতা

আগুনে পোড়া সন্ত্রস্ত জনপদে এবার দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে মরলেন আওয়ামী লীগের নেতা এনামুল হক (৫৬)। গত সোমবার সন্ধ্যার পরপরই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বাজারে হিংস্র শ্বাপদের মতো ঝাঁপিয়ে পড়ে দুর্বৃত্তরা। ওদের হুংকারে দোকান বন্ধ করে দিগিবদিক ছুটে পালালেন ব্যবসায়ীরা।
কর্মচারীদের দোকান বন্ধ করতে বলে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন শিবগঞ্জ বণিক সমিতির সভাপতি ও পৌর আওয়ামী লীগের উপদেষ্টা এনামুল হক। কিন্তু আর পালাতে পারলেন না। অবশেষে তাঁকেই জীবন্ত দগ্ধ হতে হলো।
প্রত্যক্ষদর্শীরা জানান, এনামুল দোকান থেকে পালানোর আগেই লাঠিসোঁটা, রড, ধারালো অস্ত্র হাতে এসে পড়ল দুর্বৃত্তরা। তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পালালেন এনামুলের দুই কর্মচারী। জীবন বাঁচাতে দোকানলাগোয়া গুদামে গিয়ে আশ্রয় নিলেন এনামুল। দুর্বৃত্তরা দোকানের ভেতর ছুড়ে মারল পেট্রলবোমা। দোকানের সামনে রাখা মোটরসাইকেলের পেট্রল ট্যাংকের মুখ খুলে দেশলাইয়ের কাঠি ছুড়ল। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা গ্রাস করল সবকিছু। আশপাশের দোকানিসহ কিছু মানুষ পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করতেই তাঁদের ওপর লাঠি ও রড নিয়ে ঝাঁপিয়ে পড়ল দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের হামলায় লোকজন আবার ছুটে পালালেন।

আধা কিলোমিটারেরও কম দূরে থাকা ফায়ার সার্ভিসের দল এল প্রায় ৪৫ মিনিট পর। ফায়ার সার্ভিসের গাড়ি এলেও তাদের ওপর ইটপাটকেল ছুড়ে বাধা দেয় দুর্বৃত্তরা। এসবই ঘটল শিবগঞ্জ থানা থেকে মাত্র দুই থেকে আড়াই শ মিটার দূরে। পরে পুলিশের সহায়তায় ফায়ার সার্ভিস তিন-চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর মধ্যে সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়। আগুনের তীব্রতায় ধসে পড়েছে দোকানের ছাদ। গুদামে আগুনে পুড়ে বীভৎস হয়ে কুঁকড়ে পড়ে আছে একটি লাশ। লাশ দেখে কেউ চিনতে পারলেন না, এটা কার লাশ। কারণ, তখনো আশপাশের কেউ জানতেন না, এনামুল ভেতরে ছিলেন কি না। পরে এনামুলের পরিবারের পক্ষ থেকে লাশটি শনাক্ত করা হয়।
গতকাল মঙ্গলবার সকালে পৌর এলাকার চতুরপুরে এনামুলের বাড়িতে দেখা যায়, এনামুলের দুই বোন জিন্নাতুন মহল ও নূরী বেগম সামলাচ্ছিলেন এনামুলের মেয়ে নাজমিন হককে। নাজমিন কেঁদে কেঁদে বিলাপ করে বলছিল, ‘আমার বাবা এত ভালো। কত মানুষের উপকার করত। কাউকে চড়া গলায়

কথা বলত না। তবু ওরা আমার বাবাকেই পুড়িয়ে মারল। আমার বাবাকে শেষবারের মতো ছুঁয়েও দেখতে পারলাম না। ওরা কি মানুষ!’
এনামুলের বোনদের ক্ষোভের মুখে পড়তে হলো সাংবাদিকদের। জিন্নাতুন ক্ষোভের সঙ্গে বললেন, ‘সবকিছু শেষ হওয়ার পর এখন কেন এসেছেন আপনারা? আপনারা সন্ত্রাসীদের কিছুই করতে পারবেন না। ওদের বিচার হবে না।’
গতকাল বিকেলে চতুরপুরে কয়েক হাজার মানুষের অংশগ্রহণে এনামুলের জানাজা হয়। এ সময় শিবগঞ্জ বণিক সমিতির সাধারণ সম্পাদক তসিকুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘এনামুল ভালো মানুষ ছিলেন। যাঁরা তাঁকে হত্যা করেছে, তারা কোন ধরনের মুসলমান? আমরা এই আতঙ্কপুরীতে কবে স্বাভাবিক জীবন ফিরে পাব?’
শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, বিএনপির চিহ্নিত সন্ত্রাসী এবং বেশ কয়েকটি মামলার আসামি সালাউদ্দীনকে গত সোমবার গ্রেপ্তার করে যৌথ বাহিনী। সালাউদ্দীনকে গ্রেপ্তারের জের ধরে বিএনপির উচ্ছৃঙ্খল নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন।