পোড়া তেল-মবিলে দূষিত বুড়িগঙ্গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খননযন্ত্রের পোড়া তেল ভাসছে বুড়িগঙ্গা নদীর হাসনাবাদ অংশে। ৪ জুন ছবিটি তুলেছেন আসাদুজ্জামান
খননযন্ত্রের পোড়া তেল ভাসছে বুড়িগঙ্গা নদীর হাসনাবাদ অংশে। ৪ জুন ছবিটি তুলেছেন আসাদুজ্জামান

জাহাজ-লঞ্চসহ বিভিন্ন নৌযানের পোড়া তেল-মবিল দূষণ করছে বুড়িগঙ্গা। নৌযানের ব্যবহৃত তেল-মবিল সাধারণত জমা হয় ইঞ্জিনকক্ষে। অধিকাংশ নৌযান থেকে তা সরাসরি নদীতে ফলা হয়। আবার বিভিন্ন নৌযান থেকে পোড়া মবিল সংগ্রহ করেন একধরনের ব্যবসায়ী। সে তেল-মবিলের পানি শুকাতে তাঁরা বুড়িগঙ্গার তীরসংলগ্ন কালীগঞ্জের তেলঘাটে তা জ্বাল দেন। এ সময়ও কিছু তেল-মবিল গিয়ে পড়ে বুড়িগঙ্গায়।
বুড়িগঙ্গা রক্ষার আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা মনে করেন, ডাইং, ট্যানারি এবং অন্যান্য শিল্পকারখানার পরই বুড়িগঙ্গা দূষণের জন্য দায়ী এই পোড়া তেল-মবিল।
জানতে চাইলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌনিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রতিটি জাহাজ ও লঞ্চকে চিঠি দিয়েছি, পোড়া মবিল যেন নদীতে না ফেলে। তাদের নিয়ে সভা করেছি। তারপরও তারা সব পোড়া মবিল নদীতে ফেলে দেয়। অথচ আমরা নদীর দু–তিনটি জায়গায় ডাস্টবিন করে দিয়েছি, সেখানে এসব বর্জ্য ফেলার কথা। কিন্তু তারা তা মানে না।’
বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সহসভাপতি শহিদুল ইসলাম ভূঁইয়াও স্বীকার করেছেন, নৌযানের ইঞ্জিনকক্ষে জমা তেল নদীতে সরাসরি ফেলা হয় এবং তাতে বুড়িগঙ্গা দূষিত হচ্ছে।
১০ বছর ধরে সদরঘাটের লঞ্চ থেকে পোড়া মবিল সংগ্রহ করেন মোহাম্মদ রবিউল। সেই মবিল পরে তেলঘাটে এনে প্রক্রিয়াজাত করে বিক্রি করেন ইটভাটায়। তাঁর মতো আরও অন্তত ২০ জনের খোঁজ মিলেছে, যাঁরা লঞ্চের পোড়া মবিলের ব্যবসা করেন। তবে রবিউল দাবি করে বলেন, ‘আমরা পোড়া মবিল কিনে বুড়িগঙ্গাকে বাঁচিয়ে দিচ্ছি। জাহাজ-লঞ্চের লোকজন পোড়া মবিল সরাসরি নদীতে ফেলে দেয়।’
সরেজমিনে দেখা গেল, কালীগঞ্জের তেলঘাটসংলগ্ন বুড়িগঙ্গার তীরের পানির ওপর তেলের পুরু আস্তর। তেলঘাটে অন্তত পাঁচটি জায়গায় বড় বড় ব্যারেলে তেল পোড়ানো হচ্ছে। সেখান থেকেও তেল গড়িয়ে পড়ছে নদীতে। তেলঘাটজুড়ে দেখা গেল, ১০ থেকে ১৫টি ট্রলারে তেলের ড্রাম। ১৫ বছর ধরে সদরঘাট এলাকায় নৌকা চালান আবদুস সাত্তার। তিনি বলছিলেন, নদীর মধ্যে তেল সব সময় ভাসে।
এক যুগ ধরে সদরঘাটের বিআইডব্লিউটিএ অফিসের ঠিক উল্টো দিকে কালীগঞ্জসংলগ্ন বুড়িগঙ্গার তীরে পোড়া মবিল জ্বালানো হয়। জানতে চাইলে বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (বন্দর) গুলজার আলী প্রথম আলোকে বলেন, ‘তীর দখল করে মবিল জ্বালানোর নামে তেল নদীতে ফেলানো হচ্ছে। আগেও সেখানে অভিযান চালিয়ে তাঁদের উচ্ছেদ করা হয়। দু-এক দিনের মধ্যেই আবার সেখানে অভিযান চালানো হবে।’
গত ডিসেম্বর থেকে ৩০ মে পর্যন্ত অন্তত ১০ দিন বুড়িগঙ্গায় ঘুরে দেখা যায়, সদরঘাটের বাবুবাজার থেকে হাসনাবাদ পর্যন্ত নদীর বিভিন্ন জায়গায় তেল ভাসছে। তেলের পরিমাণ সদরঘাট লঞ্চের আশপাশে বেশি। দক্ষিণ কেরানীগঞ্জের ডকইয়ার্ড–সংলগ্ন এলাকায়ও নদীতে তেল ভাসার পরিমাণ বেশি।
অন্যদিকে, আগানগর থেকে কালীগঞ্জ অংশে নদীর মধ্যে পন্টুন বানিয়ে সেখানে স্থানীয় লোকজন চালু করেছেন ১০টি জেনারেটর। দেখা গেল, জেনারেটরের ইঞ্জিন থেকে তেল-মবিল সরাসরি ফেলা হচ্ছে নদীতে। এ ছাড়া দক্ষিণ কেরানীগঞ্জের পাড় গেন্ডারিয়া থেকে শ্যামপুর-কদমতলী পর্যন্ত অন্তত ১৫-২০টি বালু তোলার ড্রেজার দেখা গেছে। ড্রেজারগুলোর পোড়া তেলও পড়ছে নদীতে।
বিআইডব্লিউটিএ কর্মকর্তা গুলজার আলী বলেন, ‘নদীর মধ্যে এসব জেনারেটর অবৈধভাবে বসানো হয়েছে। এর তেল বুড়িগঙ্গাকে দূষিত করছে। শিগগিরই সব তুলে দেব।’
কালীগঞ্জের স্থানীয় বাসিন্দা মো. আবদুল্লাহর অভিযোগ, ‘প্রশাসনের সামনেই লঞ্চগুলো তেল ফেলছে সরাসরি বুড়িগঙ্গায়। নদীর তীর দখল করে তেলঘাটের লোকজন বছরের পর বছর তেল ফেলছে। নদীর মধ্যে জেনারেটর বসিয়ে তেল ফেলছে। দূষণকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখি না।’
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (ঢাকা অঞ্চল) মো. আলমগীর প্রথম আলোকে বলেন, ‘যারা বুড়িগঙ্গায় তেল-মবিল ফেলে দূষিত করছে, তাদের তালিকা তৈরি করা হবে। যেসব নৌযান সরাসরি মবিল নদীতে ফেলবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
পরিবেশ অধিদপ্তরসহ সরকারের অন্য সংস্থাগুলো সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ নেয়নি বলেই বুড়িগঙ্গায় পোড়া মবিল ফেলে মারাত্মকভাবে দূষিত করছে বলে মনে করেন পরিবেশ আন্দোলনের (পবা) সাধারণ সম্পাদক আবদুল মতিন। তিনি প্রথম আলোকে বলেন, লঞ্চসহ বিভিন্ন নৌযান বছরের পর বছর কীভাবে বুড়িগঙ্গায় মবিল ফেলে? এটা সম্ভব কারণ বিআইডব্লিউটিএ, পরিবেশ অধিদপ্তরসহ সরকারের বিভিন্ন সংস্থা সক্রিয় নয়। পরিবেশ অধিদপ্তর কার্যকর পদক্ষেপ নিলে এ ধরনের দূষণ রোধ সম্ভব।