পোড়া দেহ বয়ে চলেছে তাজরীন
আশুলিয়ার নিশ্চিন্তপুরে অবস্থিত পোশাক কারখানা তাজরীন ফ্যাশনসের আগুনে পোড়া ভবনটি ওই দিনের ভয়াবহতার সাক্ষ্য বহন করে দাঁড়িয়ে আছে।
নয়তলা এই ভবনের ক্ষতিগ্রস্ত অংশটির কিছু কিছু জায়গা মেরামত করা হয়েছে। তবে দ্বিতীয় থেকে ষষ্ঠতলা পর্যন্ত জানালাগুলো ভাঙাচোরা অবস্থায় রয়েছে। আগুনের পোড়া দাগ বেশি ফুটে রয়েছে ভবনটির পেছনের অংশে।
ভবনের ভেতরে প্রবেশ করতে চাইলে নিরাপত্তারক্ষী এমদাদ আলী বাধা দেন। কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের মানা করে দেওয়া হয়েছে, কেউ যেন না ঢোকে। আর সাংবাদিক তো ঢোকাই যাইব না।’
এমদাদ আলী বলেন, ‘কারখানা কবে চালু হবে, তার কোনো কিছুই জানি না। পানি, বিদ্যুত্ কোনো কিছুরই সংযোগ দেওয়া হয়নি।’ তিনি আরও বলেন, ‘মালিকের লগে তো আর আমাগো কথা হয় না। এখানে থাকতে দিছে, সিকিউরিটির চাকরি দিছে, তাই কাম করি।’
নিশ্চিন্তপুর বাজারের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষী আইজউদ্দিন মোড়ল বলেন, ‘আশপাশের ক্ষতিগ্রস্ত লোকজন মাঝেমধ্যে এখানে আসেন। তাঁরা ভবনটি দেখে যান। পোশাক কারখানাটি আবারও চালু হবে কি না, তা জানতে চান।’
গত শুক্রবার নিহত শ্রমিকদের স্বজনেরা ক্ষতিগ্রস্ত ভবনে মিলাদের আয়োজন করেন। শ্রমিকেরা ভবনটির সামনে একটি কালো পতাকা টাঙিয়ে দিয়ে গেছেন।
গত বছরের ২৪ নভেম্বর তাজরীনে আগুন লেগে ১১১ জন নিহত হন।