পোড়া ভিটায় তাঁবু খাটিয়ে বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাটে সহিংস ঘটনার এক মাস পার হয়ে গেলেও আদিবাসী-বাঙালিদের মধ্যে দূরত্ব ও অবিশ্বাস এখনো কমেনি। আদিবাসীরা ফিরে এলেও সরকারি সাহায্য অপ্রতুল হওয়ায় তারা বাড়ি তৈরি করতে পারছে না। অস্থায়ী তাঁবু খাটিয়ে এবং খোলা আকাশের নিচে তারা বাস করছে।আদিবাসীদের অভিযোগ, সরকার এ পর্যন্ত তাদের মাত্র এক বান্ডিল টিন, সাড়ে চার হাজার টাকা ও ২০ কেজি চাল দিয়েছে। হাতে টাকা না থাকায় তারা ঘর তৈরির কাজ বন্ধ রেখেছে। অধিকাংশ পরিবার খোলা আকাশের নিচে ও পোড়া ভিটায় প্লাস্টিকের শিট দিয়ে অস্থায়ী তাঁবু খাটিয়ে বাস করছে। তারা আরও অভিযোগ করে, পার্শ্ববর্তী খাগড়াছড়িতে প্রতিটি পরিবারকে পাঁচ বান্ডিল টিন দেওয়া হলেও তাদের মাত্র এক বান্ডিল করে দেওয়া হয়েছে।সহিংস ঘটনায় সেনাবাহিনী পাঁচ শতাধিক আদিবাসীর বিরুদ্ধে মামলা করায় অনেকে ভয়ে এখনো জঙ্গলে রয়েছে বলে জানান ইউপি সদস্য স্বপনিকা চাকমা। ৪১টি বাঙালি পরিবারেরও একই অবস্থা। তারা বাঘাইহাট বাজার ও সাজেক সড়কের আশপাশে অস্থায়ী তাঁবু খাটিয়ে বাস করছে। সরেজমিনে দেখা গেছে, রেতকাবা, হাজাছড়া, গঙ্গারামমুখ, ডানে ভাইবাছড়া, বামে ভাইবাছড়া, চামিনিছড়া ও পূর্বপাড়া গ্রামে কয়েকটি আদিবাসী পরিবার ঘর বাঁধলেও অধিকাংশ মানুষ খোলা আকাশের নিচে ও অস্থায়ী তাঁবু খাটিয়ে রয়েছে। আবার অনেকে ঘর তৈরি করতে গাছের খুঁটি মাটিতে শুধু পুঁততে পেরেছে। রেতকাবাছড়ার রবীন্দ্র চাকমা (৪০) ও ভারত্যে চাকমা (৪৫) জানান, মাত্র সাড়ে চার হাজার টাকা দিয়ে জঙ্গল থেকে কাঠ ও বাঁশ এনে কোনো রকমে খুঁটি পুঁতে রাখার কাজ করতে পেরেছেন তাঁরা।গত ১৯ ও ২০ ফেব্রুয়ারি বাঘাইহাটে রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই হাজারের বেশি আদিবাসী জঙ্গলে পালিয়ে যায়। এতে ছয়জন আদিবাসীর মৃত্যুর দাবি উঠলেও এ পর্যন্ত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। সাজেক ইউপি সদস্য নয়ন রঞ্জন চাকমা জানান, নিজের ভিটেমাটিতে ফিরলেও অধিকাংশ পরিবার টাকার অভাবে ঘর বাঁধতে পারেনি। তারা অস্থায়ী তাঁবু খাটিয়ে এবং খোলা আকাশের নিছে বাস করছে। যেকোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বশিরুল হক ভূঁইয়া জানান, প্রতিটি পরিবারকে আরও এক বান্ডিল টিন ও নয় মাসের ভিজিএফ চালু করা হবে।