পোড়া ভিটায় নতুন ঘরে পুরোনো সংসার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্বেগ-উৎকণ্ঠা এখনো কাটেনি ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারে। তবু স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছে তারা l প্রথম আলো
উদ্বেগ-উৎকণ্ঠা এখনো কাটেনি ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারে। তবু স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছে তারা l প্রথম আলো

সকালের রোদে ঝলমল করছে মিলন রায়ের নতুন টিনের ঘর। তাঁর স্ত্রী বনিতা রানী কাদামাটির প্রলেপ দিচ্ছিলেন ঘরের ভিতে। ঘর নতুন, কিন্তু সংসার আট বছরের পুরোনো। তাঁদের পুরোনো ঘরটি ১০ নভেম্বর পুড়িয়ে দিয়েছিল উন্মত্ত লোকের দল।

গতকাল রোববার সকালে রংপুর সদর উপজেলার হরকলি ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামে গিয়ে দেখা হলো মিলন-বনিতাদের সঙ্গে। এই পাড়ার হিন্দু পরিবারের পুড়িয়ে দেওয়া ঘরগুলোর জায়গায় সরকারি সহায়তায় নতুন টিনের ‘চালা’ (টিনের বেড়ার ওপর টিনের ছাপড়া) ঘর তৈরি করা হয়েছে। সেই ঘরগুলোর মেঝে, ভিটি, দরজার সামনে মাটি ফেলে, লেপে-পুঁছে বসবাস উপযোগী করে তোলার কাজে ব্যস্ত সবাই। নারীরা মূলত মাটির কাজ করছেন। পুরুষেরা বেড়া তৈরি, পোড়া, আধপোড়া জঞ্জাল সরানোর কাজে ব্যস্ত।

এই গ্রামের টিটু রায় নামের এক ব্যক্তি ফেসবুকে ইসলাম ধর্মের অবমাননাকর পোস্ট দেন বলে অভিযোগ ওঠে। তবে বহুদিন থেকেই টিটু রায় ঠাকুরপাড়ায় থাকেন না। থাকেন ঢাকার নারায়ণগঞ্জে। তা সত্ত্বেও একটি মহল টিটু রায়কে গ্রেপ্তারের দাবি তুলে জনতাকে উন্মত্ত করে তোলে। ১০ নভেম্বর তারা ঠাকুরপাড়ায় হামলা করে টিটু রায়ের বাড়িসহ ৮টি পরিবারের ১৮টি ঘর পুড়িয়ে দেয়। হামলাকারীদের ঠেকাতে পুলিশ শতাধিক গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। গুলিতে সদর উপজেলার খলেয়া গ্রামের চা-দোকানি হাবিবুর রহমান নিহত হন। পুলিশের দাবি, হাবিবুর জামায়াতের কর্মী।

এ ঘটনার তদন্তের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু রাফা মো. আরিফকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল তদন্ত প্রতিবেদন দাখিলের কথা ছিল। তবে তদন্ত শেষ না হওয়ায় সময় আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে।

অভিযোগ উঠেছে, প্রশাসন যথাযথ গুরুত্ব না দেওয়ায় এ সহিংস ঘটনাটি ঘটেছে। ১৫ নভেম্বর রাতে পুলিশ নীলফামারীর জলঢাকা থেকে টিটু রায়কে গ্রেপ্তার করে। তবে মামলার বাদী রাজু আহমেদ এবং মানববন্ধনের নেতৃত্বদানকারী জাতীয়তাবাদী ওলামা দলের রংপুর জেলা শাখার সভাপতি এনামুল হক পলাতক। এ ঘটনায় ২ হাজার জনকে আসামি করে দুটি মামলা করা হয়েছে। এ পর্যন্ত এ ঘটনায় ১৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলার গ্রেপ্তার ৫ জনকে গতকাল পুলিশ রিমান্ডে নিয়েছে। কোতোয়ালি থানার উপপরিদর্শক ফেরদৌস আহমেদ জানান, এর মধ্যে সদর উপজেলার খলেয়া ইউনিয়নের জামায়াতে ইসলামীর সহসম্পাদক সিরাজুল ইসলাম, জামায়াতের কর্মী আমিনুল ইসলাম ও জিল্লুর রহমানকে চার দিন এবং রশিদুল ও আলিমের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়ন পরিষদের ওয়ার্ড কমিশনার বৃন্দাবন মহন্ত বলেন, গ্রেপ্তারের ভয়ে হরকলি ঠাকুরপাড়ার পার্শ্ববর্তী বালাবাড়ী, নাজাপাড়া, সাতঘড়িপাড়া, জেলেপাড়া গ্রামের মুসলমান বাড়িতে রাতে অধিকাংশ পুরুষ পালিয়ে থাকেন। দফাদার জাফর উদ্দিন বলেন, ঠাকুরপাড়া এলাকায় রাতে পাহারা দেওয়ার সময় লক্ষ করছেন অনেক মুসলমান বাড়িতেই পুরুষেরা থাকেন না।

ঠাকুরপাড়া গ্রামটি রংপুর সদর, তারাগঞ্জ ও গঙ্গাচড়া—এই তিন উপজেলার সীমান্ত। গ্রামে নিম্ন আয়ের হিন্দুদের বসতি। অধিকাংশই কৃষি ও নির্মাণশ্রমিক, কেউ রিকশা ভ্যানচালক। বাড়িগুলো প্রায় গায়ে গায়ে লাগানো। পরিবারগুলোর এক থেকে দুটি করে চৌচালা টিনের ঘর। পোড়া বাড়িগুলোর জায়গায় নতুন ঘর উঠলেও চারপাশের আম, কাঁঠাল, বাতাবিলেবু, নারকেলের গাছগাছালি, বাঁশঝাড় আগুনে ঝলসে আধপোড়া হয়ে আছে। কোথাও কোথাও পড়ে আছে পোড়া জানালা, কপাট, ভাঙা থালাবাসনের টুকরো, দোমড়ানো-মোচড়ানো পোড়া টিনের বেড়া। তার মাঝেই আবার ঘরদোর মেরামত করে নতুন করে সংসার সাজাচ্ছেন ঠাকুরপাড়ার বাসিন্দারা।

অমূল্য রায় ও গোলাপি রানী দম্পতি জানালেন, তাঁদের একটি গরু ও একটি ছাগল হামলাকারীরা নিয়ে গেছে। আসবাবের সঙ্গে ঘরে নগদ ২ হাজার টাকা, তিন মণ ধান ও দুই মণ চাল ছিল। সব পুড়ে গেছে। সরকারি ত্রাণসহ সাহায্য হিসেবে প্রায় ৪০ হাজার টাকা পেয়েছেন।

বৃদ্ধ পুলিন চন্দ্র রায় অসুস্থ। কর্মক্ষমতা নেই। তাঁর স্ত্রী নিজবালা রায় ও ছেলে সত্য রায় নির্মাণশ্রমিক। তাঁদের আয়েই সংসার চলে। নিজবালা বললেন, তাঁদের ছিল চৌচালা ঘর। পুড়ে যাওয়ার পর এখন পেলেন ছাপড়া। ও রকম একটি চৌচালা করা সামর্থ্য তাঁদের নেই। একই রকম অবস্থা সবার।

ঠাকুরপাড়ার ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সরকারি সাহায্য হিসাবে বেশি ক্ষতিগ্রস্ত ১১ পরিবারের প্রতিটিকে ২৫ হাজার এবং কম ক্ষতিগ্রস্ত ৭ পরিবারকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত মন্দিরের জন্য অনুদান দেওয়া হয়েছে ১০ হাজার টাকা। ১৬ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং গত শনিবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা ঠাকুরপাড়া পরিদর্শন করেন। গতকাল সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঠাকুরপাড়া গ্রামে যান।

সদর উপজেলার উত্তর খলেয়া গ্রামের বাসিন্দা ও রংপুর মহানগর সিপিবির সম্পাদক মফিজুর রহমান বলেন, ৫ নভেম্বর এ বিষয়টি নিয়ে গঙ্গাচড়া থানায় রাজু আহমেদ নামের এক ব্যবসায়ী মামলা করেছিলেন। এরপর ৮ নভেম্বর মামলার বাদীসহ কয়েকজন পুলিশ সুপারের কাছে টিটু রায়কে গ্রেপ্তারের দাবি করে স্মারকলিপি দেন।

অনেকের অভিযোগ, আশপাশের বিভিন্ন গ্রামেও টিটু রায়ের ফেসবুকে ধর্মীয় অবমাননার বিষয়টি নিয়ে প্রচার চালিয়ে লোকজনকে বিক্ষুব্ধ করে তোলা হয়। কিন্তু প্রশাসন তাতে বাধা দেয়নি। গ্রামে এসে কোনো সম্প্রীতি সমাবেশ করা, এসব অপপ্রচারে বিরুদ্ধে কোনো ভূমিকা রাখেনি।

হরিদেবপুর ইউনিয়নের সাবেক ওয়ার্ড কমিশনার আনসার আলী বললেন, ৬ নভেম্বর থেকে ১০ নভেম্বর ঠাকুরপাড়ায় মানববন্ধনের কথা মাইকে প্রচার করা হয়েছিল। তারা সুসংগঠিত হওয়ার সময় পেয়েছিল। প্রস্তুতি নিয়েই হামলা চালিয়েছে। ওই সময় তাদের প্রতিরোধ করলে এত বড় ঘটনা ঘটত না।

এ বিষয়ে প্রশাসনের জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, ‘এত লোক জমায়েত হবে আমরা ভাবতে পারিনি। তারপরও পরিস্থিতি মোকাবিলা করা হয়েছে।’

আগেই যথাযথ ব্যবস্থা না নেওয়ার অভিযোগ প্রসঙ্গে জেলা পুলিশ সুপার মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি এত বড় হয়ে উঠবে তা আমরা আগে বুঝতে পারিনি। আমাদের সূত্রগুলো হামলাকারীদের প্রস্তুতি সম্পর্কে আগাম তেমন কোনো তথ্য দেয়নি।’ স্মারকলিপি সম্পর্কে বলেন, ‘আমরা ভেবেছিলাম শান্তিপূর্ণ মানববন্ধন হবে। মানববন্ধন যেন শান্তিপূর্ণ হয়, সে জন্য সেখানে দুজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ১৫০ জন পুলিশ মোতায়েন করা হয়েছিল। পরে একটি বিশেষ মহলের ইন্ধনে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পুলিশ গুলি চালায়। পুলিশের ভূমিকার কারণেই ক্ষয়ক্ষতি কম হয়েছে।’