পোড়া মাটিতে নতুন ঘর, নতুন স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভসঞ্চীভূত ধ্বংসস্তূপ সরিয়ে নেওয়া হয়েছে। তবে কালো হয়ে যাওয়া মাটি দেখলেই বোঝা যায় আগুনে পুড়েছে। কিন্তু সেই পোড়া মাটিতেই উঠছে নতুন ঘর।
গতকাল রোববার বরিশালের চর কাউয়ার কালীখোলা গ্রামে গিয়ে দেখা গেল এই দৃশ্য। পারভেজ গাজী নামের এক কলেজছাত্র খুন হওয়ার পর গত ১৫ নভেম্বর গ্রামের ১৫টি হিন্দু পরিবারের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। গত কয়েক দিন সেখানে ছিল কেবলই ধ্বংসস্তূপ। অবশেষে বৃহস্পতিবার থেকে জেলা প্রশাসন ও স্কাউটদের সহায়তায় ভস্মীভূত ঘরবাড়ি সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়। এখন সেখানে চলছে নতুন ঘর তোলার কাজ। যাঁরা সর্বস্ব হারিয়েছেন তাঁরা আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন।
গতকাল সকাল ১০টায় সরেজমিনে দেখা যায়, আগুনে সর্বস্ব হারানো নারী-পুরুষ সদস্যরা বাঁশ ও টিন দিয়ে ঘর তোলার কাজে ব্যস্ত। কারও কারও ঘর তোলার কাজ প্রায় শেষ। কেউ কেউ টিন লাগাচ্ছেন। আবার কেউ কেউ বেড়া দিচ্ছেন।
পারুল রানী বলেন, ‘পুরুষ মানুষ নাই। হেইলইগ্যা ঘর উডাইতে দেরি হইতেছে। মানুষজন থাকলে আরও আগে কাজ শ্যাষ হইত। আইজ বেড়া দেওয়া হইলে কাইল ঘরেই থাকতে পারমু। তয় এ্যাহনো ভয় করছে।’
গোপাল চন্দ্র দাস বলেন, ‘পোড়া আসবাব ও ধ্বংসাবশেষ সরাতেই সময় লাগছে বেশি। এখন ঘর তোলার কাজ চলছে। শনিবার কাজ শেষ না হলেও রোববার থেকে আর বাইরে থাকা লাগবে না।’ আরতি রানী বলেন, ‘ঘর বানানোর কাজ মোটামুটি শেষ হইছে। শুক্রবার রাইতে এই ঘরেই থাকছি। আইজ নিজের চুলায় রান্না করমু।’
বরিশালের জেলা প্রশাসক শহীদুল আলম বলেন, ‘পরিবারগুলো যেন দ্রুত তাদের ঘরে উঠতে পারে সেদিকে আমরা নজর রাখছি। নতুন ঘর তোলার কাজ পুরোদমে চলছে। ঘর তুলতে যে ধরনের সহায়তা লাগবে আমরা সেটি করার চেষ্টা করব। আশা করছি, শিগগিরই ওই গ্রামে স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে।’
চর কাউয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম বলেন, ‘সিডর বা আইলাতে তো অনেকের ঘর গেছে। আমরা মনে করছি, এমন কোনো দুর্যোগেই তাদের ঘর গেছে। কিন্তু এখন আবার নতুন করে বাঁচার সংগ্রাম করতে হবে। এই সংগ্রামে আমরা তাঁদের পাশে আছি।’
তবে সংখ্যালঘু পরিবারগুলো বলছে, নতুন ঘর হয়তো উঠবে, কিন্তু তাঁদের মনের ক্ষত খুব সহজে শুকাবে না। তবে এর পরও তাঁরা প্রিয় স্বদেশ ছাড়তে চান না। বরং হিন্দু-মুসলমান সবাই মিলে শান্তি-সম্প্রীতিতে বসবাস করতে চান।