পোড়া রোগীদের ২৩ শতাংশই শিশু

শিশুসহ সব পোড়া রোগীর জন্য প্রথম ২৪ ঘণ্টা হচ্ছে ‘গোল্ডেন আওয়ার’। এই সময়ের মধ্যে চিকিৎসা শুরু করলে ক্ষতি কমানো সম্ভব।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

হাসপাতালে মাহিয়াকে কোলে নিয়ে এই প্রতিবেদকের সঙ্গে কথা বলছিলেন নানি ফাতেমা বেগম। তিনি জানান, অস্ত্রোপচারের মাধ্যমে বাঁ পায়ের নিচের পোড়া অংশ ফেলে দেওয়া হয়েছে। পা বাঁকা হওয়া থেকে রক্ষা করতে বিশেষভাবে তৈরি ধাতব জুতা পরিয়ে রাখা হয়েছে। সুস্থ হতে দীর্ঘ চিকিৎসা নিতে হবে বলে জানিয়েছেন চিকিৎসক।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের তথ্য অনুসারে, গত আড়াই বছরে ভর্তি হওয়া দগ্ধ রোগীদের মধ্যে বছরে গড়ে ২২ দশমিক ৮ শতাংশই ছোট শিশু। ২০১৯ সালে আগুন, বৈদ্যুতিক শর্টসার্কিট, গরম তরল, গরম বস্তু ও রাসায়নিক পদার্থ ও অন্যভাবে পুড়ে ৫ হাজার ৮৪ রোগী ভর্তি হয়। এর মধ্যে ঢাকার বাইরে থেকে আসা রোগী ৪ হাজার ১৭ জন। ১২ বছরের কম বয়সী শিশুর সংখ্যা ছিল ১ হাজার ৮৩ বা ২১ শতাংশের বেশি। করোনাকালে ২০২০ সালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৫ হাজার ১৮৯, শিশুর হার ২০ শতাংশ এবং এ বছরের জুন মাস পর্যন্ত ২ হাজার ৮৫৩ জন রোগী ভর্তি হয়, শিশুর হার ১৬ শতাংশ। এর বাইরে বহির্বিভাগে মোট চিকিৎসা নিয়েছে ভর্তির চেয়ে ৮ থেকে ১০ গুণ রোগী। ৭ বছরের মধ্যে ২০১৯ সালে সর্বোচ্চ ৬৩ হাজার ৯২৫ জন বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে। পোড়া রোগীদের ক্ষেত্রে মৃত্যুর ঘটনা ১০ শতাংশ।

অভিভাবকের অসাবধানতা

মাহিয়ার নানি ফাতেমা বেগম আফসোসের সুরে বলছিলেন, মাহিয়ার সঙ্গে ওই সময় কেউ ছিল না। উঠানে দৌড়াদৌড়ি করতে গিয়ে হয়তো পড়ে গেছে। পোড়া রোগীদের চিকিৎসার জন্য আলাদা হাসপাতাল যে আছে, সেটাও জানতেন না ফাতেমা বেগম। তাঁর কথা, শুরুতে এলে হয়তো এত ক্ষতি হতো না।

হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তানভীর আহমেদ ২০১৭ সালে একটি সভার জন্য তাঁর উপস্থাপিত এক প্রতিবেদনে দেখান, ওই বছর সবচেয়ে বেশি পোড়ার ঘটনা ঘটেছে বাড়িতে, ৪১ শতাংশ এবং কর্মক্ষেত্রে ৩০ শতাংশ। বাড়িতে পোড়ার মধ্যে সবচেয়ে বেশি পোড়ার ঘটনা ঘটেছে গরম ভাতের হাঁড়ি থেকে—২৭ শতাংশ, দুর্ঘটনাবশত পোড়ার ঘটনা ২৬ শতাংশ, কাপড়ে আগুন ধরে ১৫ শতাংশ, গরম পানির হাঁড়ি থেকে ১২ শতাংশ, যেকোনো গরম পাত্র থেকে ১১ শতাংশ এবং অন্যান্যভাবে ৯ শতাংশ। ওই বছর পুড়ে মারা গেছে ৭৫৮ জন।

তানভীর আহমেদ প্রথম আলোকে বলেন, শিশুদের ক্ষেত্রে দুর্ঘটনাবশত দগ্ধ হওয়ার ঘটনা বেশি ঘটে। এর জন্য অভিভাবকদের অসাবধানতাই দায়ী। তিনি অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, গরম জিনিস শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। রান্নার জন্য চোখা হাঁড়ির পরিবর্তে প্যান ব্যবহার করতে হবে, যাতে অল্প ধাক্কায় হাঁড়ি উল্টে পড়ে না যায়। গরম পানির হাঁড়ি কাপড় বা আঁচল দিয়ে ধরা যাবে না।

প্রথম ২৪ ঘণ্টা ‘গোল্ডেন আওয়ার’

ডা. সামন্ত লাল সেন

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জুন-জুলাই মাসে ভর্তি থাকা গোপালগঞ্জের হান্না অধিকারীর ছেলে শাওন অধিকারী (৮) এবং একই এলাকার মরজিনা বেগমের মেয়ে সানজিদা (৯) পরিবারের লোকজনের অগোচরে বৈদ্যুতিক তার ধরে খেলতে গিয়ে পুড়ে যায়। এর মধ্যে শাওনের দুবার এবং সানজিদার একবার অস্ত্রোপচার হয়েছে।

দরজির দোকানে কাজ করতে গিয়ে বৈদ্যুতিক তারে পুড়ে যায় মো. শাহীন (১২)। পুরো শরীর ব্যান্ডেজ করা। ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা মা বিবি তাহেরা প্রথম আলোকে বলেন, ছেলের ডান পায়ে কনিষ্ঠ আঙুলটি কেটে ফেলতে হয়েছে। আরও অস্ত্রোপচার করা হবে। তবে ছেলে প্রাণে বেঁচে গেছে, এতেই তিনি খুশি।

সচেতনতা না বাড়ালে পাঁচ হাজার শয্যার হাসপাতাল করেও লাভ নেই।
ডা. সামন্ত লাল সেন, প্রধান সমন্বয়ক, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

হাসপাতালের তথ্য অনুসারে, বৈদ্যুতিক পোড়া থেকে অঙ্গ কাটতে হয়েছে ২০১৮ সালে ৩২৯, ২০১৯ সালের ৩৫৬ ও ২০২০ সালে ২৫২ জন রোগীর। এর মধ্যে শিশুদের তথ্য আলাদা করা নেই। মৃত্যুর ক্ষেত্রেও শিশুদের আলাদা তথ্য পাওয়া যায়নি। হাসপাতালে ২০১৮ সালে ৯০৯ জন, ২০১৯ সালে ৯৩৭ জন, ২০২০ সালে ১ হাজার ৫১ জন এবং এ বছরের প্রথম ৬ মাসে ৪৬৭ জন মারা গেছে।

পোড়ার বিরুদ্ধে প্রতিরোধব্যবস্থা গড়ে তুলতে সচেতনতার ওপর জোর দিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। ৬ বছর ধরে দেশের ১৪টি মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটগুলোর সমন্বয়কের দায়িত্বে থাকা এই চিকিৎসক জানান, সচেতনতা না বাড়ালে পাঁচ হাজার শয্যার হাসপাতাল করেও লাভ নেই।

তিনি প্রথম আলোকে বলেন, শিশুসহ সব পোড়া রোগীর জন্য প্রথম ২৪ ঘণ্টা হচ্ছে ‘গোল্ডেন আওয়ার’। এই সময়ের মধ্যে চিকিৎসা শুরু করলে ক্ষতি কমানো বা গুরুতর অবস্থা রোধ করা সম্ভব হয়। পোড়া জায়গায় টুথপেস্ট, সিঁদুর, ডিম ভেঙে না দিয়ে প্রচুর পানি ঢালতে হবে এবং পরিষ্কার কাপড় দিয়ে মুছে হাসপাতালে নিয়ে আসতে হবে। সচেতনতা বাড়াতে তিনি স্বরাষ্ট্র, স্বাস্থ্যসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে জাতীয় কমিটি গঠন করা এবং পোড়া রোগীর চিকিৎসায় ঢাকার বাইরে প্রতিটি বিভাগের সরকারি হাসপাতালে শক্তিশালী ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দেন।