পোড়া শরীর নিয়ে অনাগত সন্তানের অপেক্ষা
গোটা শরীরে দগদগে ঘা নিয়ে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন সেতারা বেগম (২৫)। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তিনি। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী দুজনেই ঝলসে গিয়েছিলেন। স্বামী মারা গেছেন। সম্প্রতি পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডে গিয়ে কথা হয় সেতারার সঙ্গে। তাঁর বাড়ি কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়নের চর বালিয়াতলী গ্রামে। তিনি বলেন, ‘মোরে বাঁচান। মোর কী ভালো চিকিৎসা অইবে না। মুই কী এইরহম কষ্ট কইর্যাই মইর্যা যামু।’ সেতারা জানান, বছর পাঁচেক আগে জীবিকার সন্ধানে নারায়ণগঞ্জে যান। ফতুল্লা থানার আলীগঞ্জ এলাকার একটি ঝুপড়িতে স্বামী ও পাঁচ বছরের মেয়েকে নিয়ে তাঁর সংসার। তৈরি পোশাক কারখানায় (গার্মেন্টস) কাজ করতেন তিনি। স্বামী রুহুল আমিন চালাতেন ভ্যান। গত ১৪ জুলাই গভীর রাতে ঘরে রাখা গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। মেয়েটি অক্ষত থাকলেও ঝলসে যান স্বামী-স্ত্রী। আশপাশের লোকজন এসে তাঁদের উদ্ধার করে নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। এরপর তাঁদের ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন দিন পর স্বামী মারা যান। দাফন করা হয় ঢাকায়। দেড় মাস আগে সেতারা ঢাকা থেকে কলাপাড়ায় গ্রামের বাড়িতে চলে আসেন। তাঁর বাঁ হাতসহ মুখমণ্ডলে এখনো পোড়া ঘা। আগুনে পুড়ে যাওয়ায় শরীর, হাত ও মুখের আকৃতি অনেকটা পাল্টে গেছে। চিকিৎসা শেষ না করে আসার কারণ জানতে চাইলে সেতারা বলেন, ‘চিকিৎসা যে করামু, টাহা লাগবে না? টাহার লাইগ্যা স্বামীর লাশডা বাড়িত আনতে পারলাম না।’ কলাপাড়া হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আরও সুস্থ হয়ে না ওঠা পর্যন্ত পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা যাচ্ছে না, অনাগত সন্তানের কী হবে।সেতারার বাবা আবদুল লতিফ বলেন, ‘এই কয়দিন বিনা চিকিৎসায় বাড়িতে পইড়্যা আছেলে। উপজেলা চেয়ারম্যান মোগো বাড়ি যাইয়া মাইয়াডার এই অবস্থা দেইখ্যা লগে লগে হাসপাতালে আইন্যা ভর্তি করায়।’ সেতারার ছোট বোন শেফালী বলেন, ‘পেরতেক দিন আঠাইশ টাহা দামের ট্যাবলেট কেনতে অয়। পোড়া জায়গায় লাগাইতে অয় মলম। এইয়া যে কিনমু, হেই টাহাও নাই।’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. আবদুর রহিম বলেন, ‘সেতারার শরীরের কোনো অংশই রক্ষা পায়নি। তাঁর জন্য প্রয়োজন উন্নত চিকিৎসা, যা উপজেলা পর্যায়ের হাসপাতালে সম্ভব নয়।’