পোড়ানো হচ্ছে কাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার সদর উপজেলার হাটস-হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামে আবাসিক এলাকায় অবৈধভাবে ২০ বছর ধরে একটি ইটভাটায় ইট পোড়ানো হচ্ছে। ইটভাটার প্রভাবে আশপাশের বিভিন্ন গাছে ফল ধরছে না, জমিতে ফসলও ফলানো যাচ্ছে না। গাছের পাতা ঝরে পড়ছে। এলাকার ভুক্তভোগী মানুষ সেখান থেকে ইটভাটা উচ্ছেদের জন্য গত বুধবার জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে আবেদন জানিয়েছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রভাবশালী আফিল উদ্দিন গ্রামে প্রায় চার একর জমিতে ভাটাটি তৈরি করেছেন। ভাটায় টিনের ছোট চিমনি লাগিয়ে কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছে। ভাটার চারপাশে কয়েক শ ঘরবাড়ি।ভাটার পাশের একটি বাড়ির এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভাটার কারণে বাড়ির জানালা সব সময় বন্ধ করে রাখতে হয়। জানালা খোলা রাখলে ঘরে কালি ও বালুর স্তূপ পড়ে যায়। এ ছাড়া গাছপালার পাতায় কালি ও বালুর স্তূপ জমে গেছে। কোনো গাছে ফল ধরে না। নাম প্রকাশ না করার শর্তে এক স্কুলছাত্রী বলে, ‘ভাটার কালো ধোঁয়ায় বাড়িঘর নোংরা হচ্ছে এবং কাপড় বাইরে শুকাতে পারি না।’ ভাটার পাশের কয়েকজন জমির মালিক জানান, ভাটার কারণে তাঁরা জমিতে ফসল ফলাতে পারছেন না।এলাকাবাসী জানায়, ভাটার মালিকের ছেলে জফির উদ্দিন প্রতিবছর ভাটায় ইট পোড়ানো শুরু করার আগে এলাকাবাসীর কাছ থেকে জোরপূর্বক ‘ভাটার কারণে এলাকাবাসীর কোনো সমস্যা হচ্ছে না’ মর্মে একটি কাগজে স্বাক্ষর করিয়ে নেন।হাটস-হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) মোস্তাক হোসেন বলেন, আবাসিক এলাকায় ইটভাটা তৈরির কোনো অনুমোদন নেই। সে কারণে ইউনিয়ন পরিষদ ওই ভাটা করার অনুমতি দেয়নি। তিনি আরও বলেন, ‘এলাকাবাসীর নানা অভিযোগ পেলেও ভাটার মালিক প্রভাবশালী হওয়ায় আমি কোনো ব্যবস্থা নিতে পারিনি।’জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, আফিল উদ্দিন আবাসিক এলাকায় টিনের চিমনি দিয়ে বেআইনিভাবে ইটভাটা চালিয়ে আসছেন। এ কারণে আফিল উদ্দিনের ভাটা সমিতির অন্তর্ভুক্ত নয়। এ ব্যাপারে যোগাযোগ করে আফিল উদ্দিনকে পাওয়া যায়নি। তবে তাঁর ছেলে হাফিজ উদ্দিন বলেন, ‘আগামী বছর আমরা ইটভাটাটি অন্যত্র সরিয়ে নেব।’জেলা প্রশাসক আবদুল মান্নান বলেন, ‘খোঁজ নিয়ে এ ব্যাপারে শিগগির আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’