কুমিল্লার মনোহরগঞ্জে জুয়ার টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
এ ঘটনার জের ধরে দুর্বৃত্তরা উপজেলার নাথেরপেটুয়া স্টেশন বাজারের ৪৫টি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। এর মধ্যে ৩২টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নববর্ষ উপলক্ষে নাথেরপেটুয়া পুরান বাজার এলাকায় গত সোমবার শুরু হওয়া বৈশাখী মেলায় রাতে জুয়ার আসর বসে। রাত সাড়ে ১১টার দিকে জুয়ার বোর্ড থেকে আদায় করা চাঁদার টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিনয়ঘর গ্রামের বাসিন্দা যুবলীগের কর্মী মাহফুজুর রহমানের সঙ্গে পাশের হাতিমারা গ্রামের বাসিন্দা যুবদলের কর্মী হুমায়ুন কবিরের তর্ক হয়। পরে এ নিয়ে তাঁদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ২৫ জন আহত হন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই সংঘর্ষের ঘটনার জের ধরে রাত দেড়টার দিকে একদল দুর্বৃত্ত নাথেরপেটুয়া স্টেশন বাজারে গিয়ে ৪৫টি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। তারা টাকা ও বিভিন্ন মাল লুট করে নিয়ে যায়। একপর্যায়ে তারা বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন লাগিয়ে দেয়। আগুনে মুদি, সোনার গয়না, ওষুধ, বৈদ্যুতিকসামগ্রী, হার্ডওয়্যার, রড-সিমেন্টের দোকান, ধান-চাল, ফলের আড়ত, রেস্তোরাঁসহ ৩২টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়। রাত তিনটার দিকে লাকসাম ও সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। সকাল ছয়টার দিকে তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
নাথেরপেটুয়ার বাসিন্দা আবুল কালাম আজাদ জানান, গরমের কারণে রাত একটা ২৫ মিনিটের দিকে তিনি নাথেরপেটুয়া রেলস্টেশনের প্ল্যাটফর্মে পায়চারি করছিলেন। ওই সময় তিনি দেখেন, হেলমেট পরা ৬০ থেকে ৭০ জন দুর্বৃত্ত তিন দিক থেকে ফাঁকা গুলি করতে করতে বাজারে এসে তাণ্ডব চালাচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে নাথেরপেটুয়া বাজারের একাধিক ব্যবসায়ী বলেন, জুয়ার চাঁদার টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে সংঘর্ষের জের ধরে বিনয়ঘর ও হাতিমারা গ্রামের মধ্যে দুটি পক্ষ সৃষ্টি হয়। আর এই ঘটনার বলি হয়েছেন নিরীহ ব্যবসায়ীরা। তাঁরা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় নাথেরপেটুয়ায় গিয়ে বাজারের সবচেয়ে বড় পাইকারি মুদি দোকান হাজি আবদুর রশিদ স্টোরে আগুনের ধোঁয়া দেখা যায়।
এ ব্যাপারে কথা বলতে যুবলীগের কর্মী মাহফুজুর রহমান ও যুবদলের কর্মী হুমায়ুন কবিরের মুঠোফোনে ফোন করলেও তাঁরা ধরেননি।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।