পোড়াল প্রশ্নপত্র কিন্তু জাদুতে বের হলো উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গলায় মেডেল ও হাতে সনদ নিয়ে গণিত উৎসবে বিজয়ী শিক্ষার্থীরা। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ
গলায় মেডেল ও হাতে সনদ নিয়ে গণিত উৎসবে বিজয়ী শিক্ষার্থীরা। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ

পৃষ্ঠাজোড়া সাদা কাগজে যোগ চিহ্ন দিয়ে পর পর বিভিন্ন অঙ্ক লেখা। কিন্তু যোগফলের ঘর ফাঁকা। সেই কাগজগুলোতে আগুন লাগিয়ে স্টিলের একটা বাক্সের ভেতর পোড়ানো হলো। ধোঁয়া ও ঝাঁজালো গন্ধ বেরোল। কিন্তু জাদুশিল্পী মো. আনিছ স্টিলের বাক্স খুলতেই বের হয়ে এল যোগফলসহ চকচকে সেই কাগজগুলো। তাই দেখে চারদিকে সহস্রাধিক খুদে গণিতবিদের আকাশছোঁয়া উল্লাস। 

শুধু যে জাদুশিল্পী আনিছের জাদুই খুদে গণিতবিদদের উৎসবের আনন্দে ভাসাল, তা নয়। গণিতকে উৎসবে পরিণত করেছে খুদে গণিতবিদদের মাজার ও বুদ্ধিদীপ্ত প্রশ্ন। উত্তর দিয়েছেন অতিথিরা। ছিল ময়মনসিংহ বন্ধুসভার বন্ধু মিরাজ সরকার ও পুষ্পিতা তাহসীনের গান, সিথী সাহার নাচ। সব মিলিয়ে আজ বুধবার দিনভর ময়মনসিংহ শহরের প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুল মাঠে উৎসবের আমেজে দিনব্যাপী চলে গণিতে ভয় কাটানোর আসর ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব।

অতিথিদের কাছে বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চায় শিক্ষার্থীরা। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ
অতিথিদের কাছে বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চায় শিক্ষার্থীরা। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ

আঞ্চলিক অনুষ্ঠানে ময়মনসিংহ, শেরপুর, কিশোরগঞ্জ ও জামালপুর জেলার প্রায় ৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১১০০ শিক্ষার্থী চারটি ক্যাটাগরিতে অংশ নেয়। ‘গণিত শেখ স্বপ্ন দেখ’ স্লোগানকে সামনে রেখে সকাল সাড়ে নয়টায় জাতীয় সংগীতের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী। জাতীয় সংগীতের সঙ্গে তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির পতাকা উত্তোলন করেন ভেন্যু প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. চাঁন মিঞা, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ডাচ্-বাংলা ব্যাংকের ময়মনসিংহ শাখার ব্যবস্থাপক মো. শামছুজ্জামান।

উদ্বোধনী পর্বে শিক্ষার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, ‘যে ছাত্র গণিতে ভালো সে জীবনের সকল ক্ষেত্রে উতরে যেতে পারে সহজে। গণিত জীবনের সব ক্ষেত্রে হিসাব মেলাতে সাহায্য করে। গণিত ছাড়া কোনো আবিষ্কার সম্ভব না, কারণ গণিতের মাধ্যমে সকল হিসাব মেলাতে হয়। তাই গণিতকে ভয় না করে জয় করার প্রত্যয় লাগবে।’

উৎসবের উদ্বোধনের পর সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা ১ ঘণ্টা ১৫ মিনিটের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে একদিকে চলে উত্তরপত্র মূল্যায়নের কাজ। আর মঞ্চে চলে জাদু, নাচ, গান আর খুদে গণিতবিদদের অংশগ্রহণে জমজমাট প্রশ্নোত্তর পর্ব। শিক্ষার্থীদের মজার ও বুদ্ধিদীপ্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আলমগীর মনসুর (মিন্টু) কলেজের অধ্যক্ষ নীহার রঞ্জন রায়, ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ এখলাস উদ্দিন খান, আনন্দমোহন সরকারি কলেজের গণিত বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম, প্রথম আলোর যুব কর্মসূচি সমন্বয়ক মুনির হাসান। এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন আনন্দমোহন সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আফজালুর রহমান, একই কলেজের শিক্ষক স্বপন দাস ও প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. চাঁন মিঞা। মুনির হাসান উপস্থিত শিক্ষার্থীদের মাদক, মুখস্থ ও মিথ্যাকে ‘না’ ঘোষণার শপথ করান। তিনি শিক্ষার্থীদের মধ্য থেকে গণিতভীতি দূর করার জন্য নানা উদ্দীপনামূলক গল্প বলেন।

শিক্ষার্থীরা মাদক, মুখস্থ ও মিথ্যাকে ‘না’ ঘোষণা করে শপথ নেয়। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ
শিক্ষার্থীরা মাদক, মুখস্থ ও মিথ্যাকে ‘না’ ঘোষণা করে শপথ নেয়। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ

বেলা তিনটায় অতিথিদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হয়। প্রাথমিককে ১২, নিম্ন মাধ্যমিকে ২২, মাধ্যমিকে ১৫ ও উচ্চ মাধ্যমিকে ১১ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। উপস্থিত অতিথিরা বিজয়ীদের হাতে মেডেল ও সনদ তুলে দেন।
অনুষ্ঠানের বিজয়ীদের পুরস্কার বিতরণের আগে মঞ্চে নিজের অভিজ্ঞতার কথা বলেন গত বছর আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের ব্রোঞ্জ পদক পাওয়া ময়মনসিংহ জিলা স্কুলের সাবেক শিক্ষার্থী সানজিদ আনোয়ার।
গণিত উৎসবের সার্বিক ব্যবস্থাপনায় ছিল ‘প্রথম আলো’র ময়মনসিংহ বন্ধুসভার বন্ধুরা। বন্ধুসভার পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন সভাপতি তাহমিনা শেখ। উৎসবটি সঞ্চালনা করেন ময়মনসিংহ বন্ধুসভার বন্ধু নাহিদ মণ্ডল।