পৌনে চার ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে আজ বৃহস্পতিবার বেলা ১১টা পাঁচ মিনিট থেকে দুইটা ৪৫ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকার পর আবার স্বাভাবিক হয়েছে। কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর রেলস্টেশনের অদূরে ঢাকা থেকে চট্টগ্রামগামী কনটেইনারবাহী একটি ট্রেনের চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ওই দুটি রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 

কুমিল্লা রেলওয়ের স্টেশনমাস্টার মোহাম্মদ হোসেন মজুমদার প্রথম আলো ডটকমকে জানান, এ দুর্ঘটনার কারণে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর প্রভাতী কুমিল্লা রেলস্টেশনে ও ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী কসবা স্টেশনে এবং চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস লাকসাম জংশনে আটকা পড়ে। এ সময় বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েন যাত্রীরা। লাকসাম জংশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রেনের চাকা লাইনে ওঠাতে সহায়তা করে। পরে এই ট্রেনটি চালু হওয়ার পর অন্যান্য স্টেশনে আটকে পড়া ট্রেনগুলো নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা হয়ে যায়।