বান্দরবানের লামা পৌরসভার পানি সরবরাহ প্রকল্প অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে। বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় পৌনে দুই কোটি টাকা ব্যয়ে পানি শৌধনাগারসহ কিছু অবকাঠামো নির্মাণের পর প্রকল্পের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। পৌর মেয়র বলছেন, অর্থের অভাবে কাজ শেষ করা যাচ্ছে না।প্রকল্পটি কেন অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে এবং কীভাবে কাজ আবার চালু করা যায়, তা খতিয়ে দেখতে এ পর্যন্ত দুটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। ছয় মাস আগে গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইব্রাহিম মিয়া বলেছেন, অপরিকল্পিতভাবে প্রকল্প অনুমোদন, বাস্তবায়নকারী সংস্থার অযোগ্যতার কারণে প্রকল্পে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে লামা পৌরসভায় পানি সরবরাহের জন্য ২০০৭ সালে এক কোটি ৬৭ লাখ ৮৯ হাজার টাকার একটি প্রকল্প নেওয়া হয়। প্রকল্প বাস্তবায়নে পৌরসভার পরিকল্পিত উন্নয়নে অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন নিবন্ধিত কোম্পানি বাংলাদেশ মিউনিসিপাল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ) শাহজাহান চৌধুরী নামে একজন ঠিকাদারকে নিয়োগ করে। ২০০৭ সালের ৭ মার্চ শুরু হয়ে একই বছরের ৬ সেপ্টেম্বর কাজ শেষ করার কথা ছিল। সরেজমিনে দেখা গেছে, প্রকল্পের আওতায় চেয়ারম্যান পাড়ার মোজাহার মিস্ত্রির টিলার ওপর পানি শোধনাগার, বিশাল সংরক্ষণ ট্যাংক, মাতামুহুরী নদীর পাড়ে একটি ঘর নির্মাণ প্রায় শেষ হয়েছে। চেয়ারম্যান পাড়ার প্রবীণ ব্যক্তি আবু তাহের ভুুঁইয়া বলেন, কাজ না করে বরাদ্দের টাকা খেয়ে না ফেললে প্রকল্প পড়ে থাকবে কেন? লামা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র তাজুল ইসলাম বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বিএমডিএফ নামে একটি কোম্পানিকে প্রকল্পের কাজ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি বলেন, প্রকল্পে প্রাক্কলিত ব্যয়ের প্রায় দ্বিগুণ অর্থের প্রয়োজন হওয়ায় এবং প্রাক্কলিত ব্যয়ের টাকাও যথাসময়ে না পাওয়ায় কাজটি অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে। প্রকল্পের কাজ শেষ করার জন্য আরও এক কোটি ৯৬ লাখ টাকা অতিরিক্ত বরাদ্দ দেওয়ার জন্য বিএমডিএফকে বার বার চিঠি লিখেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। ঠিকাদার শাহাজাহান চৌধুরী বলেন, বিএমডিএফের কতিপয় কর্মকর্তার দুর্নীতির কারণে কাজে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, অতিরিক্ত অর্থ বরাদ্দের চাহিদাপত্রসহ সংশোধিত প্রকল্প প্রস্তাব (পিপি) পাঠানোর পর বিএমডিএফের একজন প্রকৌশলী দুই লাখ টাকা ঘুষ দাবি করেছিলেন। তাঁকে ঘুষ না দেওয়ায় সংশোধিত প্রকল্পটি অনুমোদন করা সম্ভব হয়নি বলে তিনি অভিযোগ করেন। এখনো তাঁর দেড় কোটি টাকা পাওনা রয়েছে দাবি করে ঠিকাদার শাহাজাহান বলেন, ‘কয়েক দিনের মধ্যে পাওনা আদায়ের জন্য লামা পৌরসভা ও বিএমডিএফের বিরুদ্ধে মামলা দায়ের করব।’ বিএমডিএফের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুল ইসলাম লামা পৌর পানি সরবরাহ প্রকল্পের কাজ অর্ধসমাপ্ত অবস্থায় থাকার কথা স্বীকার করে বলেন, প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হলে নদী থেকে পানি তোলার পাম্প, পানি সরবরাহ লাইন ও বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপন, জেনারেটর ক্রয়সহ আরও অনেক কিছু প্রকল্পে সংযোজন করা জরুরি ছিল, যা প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়নি। প্রকল্পের অচলাবস্থার জন্য বিএমডিএফের কতিপয় কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তিনি অস্বীকার করেছেন। প্রকল্পের কাজ খতিয়ে দেখার জন্য গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক ও ডিপিএইচই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইব্রাহিম মিয়া বলেন, লামা পৌরসভার পানি শৌধনাগার নির্মাণ ও পানি সরবরাহের মতো বিশাল প্রকল্প বাস্তবায়নের যোগ্যতা বিএমডিএফের নেই। তিনি বলেন, বিশেষজ্ঞ পর্যায়ে সম্ভাব্যতা যাচাই ও জরিপ করে কোথায় কী স্থাপন এবং নির্মাণ করতে হবে—তা নির্ধারণ করা না হলে প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব নয়।