পৌনে দুই কোটি টাকার আলু নষ্ট হওয়ার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া কোল্ডস্টোরেজ লিমিটেড নামে একটি হিমাগারে এ মৌসুমে রাখা প্রায় ২০ লাখ টাকার আলু পচে গেছে। দীর্ঘদিন ধরে হিমাগার ভবন ও এর ভেতরের সরঞ্জাম সংস্কার না করায় এবং জেনারেটরটি নষ্ট থাকায় এসব আলু পচে গেছে। কর্তৃপক্ষ এখনই ব্যবস্থা না নিলে এখানে রাখা প্রায় পৌনে দুই কোটি টাকার আলু নষ্ট হয়ে যাবে বলে ব্যবসায়ী ও চাষিরা আশঙ্কা প্রকাশ করেছেন। উল্লাপাড়া কোল্ডস্টোরেজ সূত্রে জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এ হিমাগারে মোট ২১ হাজার ৫০ বস্তা আলু রাখা হয়। এ পর্যন্ত সাড়ে চার হাজার বস্তা আলু নষ্ট হয়ে গেছে। এ আলুর দাম প্রায় ২০ লাখ টাকা। এখানে বগুড়ার শেরপুর, সিরাজগঞ্জের রায়গঞ্জ, উল্লাপাড়া, শাহজাদপুর, তাড়াশ এবং টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ব্যবসায়ী ও চাষিরা আলু রেখেছেন। পচে যাওয়া অব্যাহত থাকায় গতকাল শুক্রবার কয়েকজন চাষি এখান থেকে তাঁদের আলুর বস্তা নিয়ে গেছেন। আলুচাষিরা অভিযোগ করেন, দীর্ঘদিন সংস্কার না করায় হিমাগারের ভেতরের দেয়াল ও ছাদ অনেক আগেই স্যাঁতসেঁতে হয়ে গেছে। একই কারণে আলু রাখার কাঠের তাক ভেঙে নষ্ট হয়ে গেছে। এতে তাকের ভেতরে হিমায়িত বাতাস ঢোকার পথ বন্ধ হয়ে গেছে। পাশাপাশি লোডশেডিংয়ের সময় জেনারেটর না থাকায় আলু দ্রুত পচে যাচ্ছে। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আলিয়াবাদ গ্রামের আলু ব্যবসায়ী আবদুল খালেক জানান, তিনি এ বছর এখানে এক হাজার ৬৮৫ বস্তা আলু রেখেছেন। হিমাগার কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারণে তাঁর প্রায় এক হাজার বস্তা আলু নষ্ট হয়ে গেছে। তিনি হিমাগারের মেঝেতে ফেলে রাখা এসব আলু দেখিয়ে আহাজারি করছিলেন। উল্লাপাড়ার ব্যবসায়ী শাহিন মিয়া জানান, তিনি এখানে দুই হাজার বস্তা আলু রেখেছিলেন। ইতিমধ্যে ৭০০ বস্তা আলু নষ্ট হয়ে গেছে। অবশিষ্ট আলু নিয়ে তিনি এখন মহাসংকটে পড়েছেন। গত বৃহস্পতিবার সরেজমিন ওই হিমাগারের ভেতরে গিয়ে আলু ব্যবসায়ী ও চাষিদের অভিযোগের সত্যতা পাওয়া যায়। সেখানে কাঠের অনেকগুলো তাক ভেঙে আলুর বস্তা মেঝেতে পড়ে আছে। দেয়াল ও ছাদ নষ্ট হয়ে গেছে। কর্কশিটও ভাঙা। অনেক বস্তার আলু পচে গেছে। ক্ষতিপূরণ দাবি করে ওই দিন অনেক আলু ব্যবসায়ী ও চাষি হিমাগারের সামনে সমবেত হন। এ সময় অনেককে আহাজারি করতে দেখা যায়। হিমাগারের ব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে জানা যায়, তিনি কিছুদিন আগে চাকরি ছেড়ে চলে গেছেন। মালিক থাকেন ঢাকায়। এখানে কর্মরত ফোরম্যান কালাম হোসেন জানান, অনেক দিন ধরে এই হিমাগারে বার্ষিক সংস্কার কাজ করা হয় না। ফলে কর্কশিট ও তাক ভেঙে যাওয়ায় হিমায়িত বাতাস আলুর বস্তা পর্যন্ত ঢুকতে পারছে না। ছয়-সাত দিন ধরে জেনারেটরটি নষ্ট। এ কারণে বিদ্যুৎ না থাকলে জেনারেটরটি চালানো সম্ভব হয় না। এসব কারণে অনেক আলু নষ্ট হয়ে গেছে এবং যাচ্ছে। এ বিষয়গুলো মালিককে জানালেও তিনি নজর দিচ্ছেন না। হিমাগারের মালিক এস এম কবীরের সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।