পৌনে দুই ঘণ্টা পর চলল পাহাড়িকা এক্সপ্রেস
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে রেললাইনে গাছ পড়ায় প্রায় পৌনে দুই ঘণ্টা বন্ধ থাকার পর আবার যাত্রা শুরু করেছে পাহাড়িকা এক্সপ্রেস। গতকাল মঙ্গলবার রাতে ভারী বৃষ্টির কারণে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় রেলপথের ওপর একটি গাছ পড়ে। এর ফলে আজ বেলা ১টা ৭ মিনিটে ওখানে আটকা পড়ে চট্টগ্রামমুখী যাত্রীবাহী পাহাড়িকা এক্সপ্রেস। রেলকর্মীরা গাছ কেটে সরানোর পর বেলা পৌনে তিনটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ের স্টেশনমাস্টার মো. শাহাব উদ্দীন ফকির জানান, রাতে বৃষ্টিতে জাতীয় উদ্যানের ভেতর মাগুরছড়া এলাকায় রেলপথের ওপর একটি বড় গাছ উপড়ে পড়ে। ফলে আজ বলা সোয়া একটার দিকে চট্টগ্রামমুখী আন্তনগর পাহাড়িকা ট্রেনটি লাউয়াছড়া উদ্যানের ভেতরে আটকা পড়ে। এর ফলে ওই সময় থেকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে রেলওয়ের গণপূর্ত বিভাগের কর্মীরা এসে পড়ে থাকা গাছ কেটে সরায়। পর বেলা পৌনে তিনটা থেকে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
শ্রীমঙ্গলে রেলওয়ের গণপূর্ত বিভাগের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী ইরফান আলী মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এর ফলে প্রায় পৌনে দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।