পৌনে দুই লাখ শিক্ষার্থী অনুপস্থিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চম শ্রেণী স্তরের শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা গতকাল বুধবার সারা দেশে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে। শিক্ষার্থীর সংখ্যার দিক দিয়ে সবচেয়ে বড় এই পাবলিক পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল এক লাখ ৭৫ হাজার ২৯ জন শিক্ষার্থী। গত দুই বছরের তুলনায় এবার প্রথম দিনে অনুপস্থিত কম বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরীক্ষাসংক্রান্ত দৈনিক প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষার সার্বিক পরিস্থিতি সন্তোষজনক ছিল। পরীক্ষা নিয়ে কেন্দ্রে উৎসবের আবহ থাকলেও পাশাপাশি অভিভাবকদের মধ্যে উদ্বেগও ছিল। রাজধানীতে কেন্দ্রগুলোর আশপাশে অভিভাবকদের ভিড় লক্ষ করা গেছে। সকালের দিকে বাড়তি যানজট ছিল রাজধানীর বিভিন্ন এলাকায়। তবে পরীক্ষা নিয়ে বড় ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। ছোটখাটো কিছু অভিযোগ এসেছে। যেমন, রাজধানীর জুরাইন এলাকার মুরাদপুর আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীদের গাদাগাদি করে বসতে হয় বলে একজন অভিভাবক প্রথম আলোর কাছে অভিযোগ করেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী প্রথম দিনে তুলনামূলকভাবে প্রাথমিক শিক্ষা সমাপনীতে অনুপস্থিত ছিল বেশি। এই পরীক্ষায় অনুপস্থিত পরীক্ষার্থী এক লাখ ২৪ হাজার ৭৩০ জন। আর ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় এ সংখ্যা ৫০ হাজার ২৯৯। তবে প্রাথমিক শিক্ষা সমাপনীতে পরীক্ষার্থীর সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি।প্রাথমিক শিক্ষা সমাপনীতে উপস্থিতির হার ছিল ৯৫ শতাংশ। আর ইবতেদায়িতে উপস্থিতির হার ছিল ৮৪ শতাংশ। এবার দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২৬ লাখ ৩৭ হাজার ২৩৫ জন। প্রাথমিক শিক্ষা সমাপনীতে ২৩ লাখ ১৬ হাজার ৬৮৫ জন। আর ইবতেদায়িতে তিন লাখ ২১ হাজারের মতো।এত বেশি পরীক্ষার্থী অনুপস্থিত থাকার কারণ জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ প্রথম আলোকে বলেন, ‘নানা কারণেই পরীক্ষার্থী অনুপস্থিত থাকে। আমরা প্রকৃত কারণ মাঠপর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে জেনে পরবর্তী করণীয় ঠিক করব। মহাপরিচালক বলেন, সার্বিকভাবে পরীক্ষা ভালো হয়েছে। প্রাথমিক শিক্ষা সমাপনীতে কোনো শিক্ষার্থী বহিষ্কার না হলেও ইবতেদায়িতে চারজন শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন পরীক্ষা দেখতে রাজধানীর বেইলী রোডের ভিকারুননিসা নূন স্কুল, বনানী বিদ্যানিকেতন ও মহাখালী আ. হামিদ দর্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় মন্ত্রী সাংবাদিকদের বলেন, পরীক্ষা সফলভাবে ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবদুন নূর মন্ত্রীর সঙ্গে ছিলেন।পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী বলেন, নবীন এ শিক্ষার্থীরা পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে নিজেদের অনেক গর্বিত ও উৎসাহিত মনে করছে।