পৌনে নয় কোটি টাকার কাজ ভাগবাটোয়ারা!
মাগুরা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পৌনে নয় কোটি টাকার উন্নয়নকাজ আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা ভাগবাটোয়ারা করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় এক সাংসদ সরাসরি ওই ভাগবাটোয়ারায় নেতৃত্ব দেন বলে অভিযোগ উঠেছে।এলজিইডি সূত্রে জানা যায়, এলজিইডির মাগুরা কার্যালয় গত ২১ জুন ১৮টি সড়ক ও একটি সেতু নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে। ওই নির্মাণকাজের প্রাক্কলিত ব্যয় ধরা হয় আট কোটি ৭৮ লাখ ৫৬ হাজার ৯৪০ টাকা। গতকাল বুধবার ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন।আওয়ামী লীগের একাধিক নেতা-কর্মী ও ঠিকাদারের অভিযোগ, দরপত্র আহ্বানের পর থেকে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা কাজ ভাগবাটোয়ারার জন্য তৎপর হয়ে ওঠেন। তাঁরা দরপত্র বিক্রির এক সপ্তাহ আগে থেকেই দলীয় সশস্ত্র নেতা-কর্মীদের সংশ্লিষ্ট দপ্তরে পাহারায় রাখেন। তাঁদের বাধার মুখে আওয়ামী লীগ ও ছাত্রলীগের অনেক ঠিকাদারও দরপত্র কিনতে পারেননি। কয়েকজন ঠিকাদার কৌশলে দরপত্র কিনলেও চাপ সৃষ্টি ও ভয়ভীতি দেখিয়ে তাঁদের দরপত্র কেড়ে নেওয়া হয়েছে। ঠিকাদার ও ছাত্রলীগের জেলা কমিটির সদস্য মেহেদী হাসান আজিব্বর প্রথম আলোকে বলেন, ‘শিডিউল যাতে না কিনি, সে জন্য আমাকে ভয়ভীতি দেখানোর পাশাপাশি পুলিশি হয়রানি করা হয়েছে। কৌশলে তিনটি শিডিউল কেনার পর জীবননাশের হুমকি দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত আমি ওই দরপত্র ‘নেগো বোর্ডে’ (সমঝোতার জন্য তৈরি আওয়ামী লীগের কমিটি) জমা দিয়েছি।’জেলা জাসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, ‘আমরা কয়েকটি শিডিউল কিনেছিলাম। সাংসদ সিরাজুল সাহেব কাজ সমঝোতার মাধ্যমে ভাগবাটোয়ারার উদ্যোগ নিয়েছেন। আমাকে বারবার টেলিফোনে শিডিউল জমা দিতে বলা হয়েছে। তাই আমরা গতকাল (মঙ্গলবার) রাত ১০টার দিকে সাংসদ সিরাজুলের বাড়িতে গিয়ে তাঁর হাতে শিডিউল ও টাকার রসিদ জমা দিয়েছি।’আওয়ামী লীগের নেতা-কর্মী ও ঠিকাদারেরা জানান, কাজ ভাগবাটোয়ারার ব্যাপারে শহরের মহিলা কলেজ পাড়ায় আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে একাধিকবার বৈঠক হয়েছে। ওই বৈঠকে জেলা আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক ও মাগুরা-১ আসনের সাংসদ মোহাম্মদ সিরাজুল আকবর, সহসভাপতি সাংসদ বীরেন শিকদারসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।গত মঙ্গলবার রাতে এলজিইডির ১৯টি গ্রুপের কাজ বণ্টনের তালিকা চূড়ান্ত করা হয়। ওই তালিকা অনুযায়ী কাজ পাওয়ার জন্য ২৭ জন মনোনীত হন। তাঁদের মধ্যে রয়েছেন সাংসদ সিরাজুলের ভাতিজা, সভাপতি আলতাফের ছেলে, জেলা আওয়ামী লীগের সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, কৃষক লীগ-শ্রমিক লীগের নেতা ছাড়াও ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতা।আওয়ামী লীগের নেতা ও সাংসদ বীরেন শিকদার ঠিকাদারি কাজে সমঝোতার কথা স্বীকার করে গতকাল প্রথম আলোকে বলেন, ‘কিছু বৈঠকে আমি ছিলাম, তবে শেষ খবর জানি না। ঢাকায় চলে এসেছি। মাগুরা-১ আসনের সাংসদ এ সমঝোতার প্রক্রিয়া চূড়ান্ত করেছেন।’জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুন্সী রেজাউল ইসলাম ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মিরুল ইসলাম সমঝোতার মাধ্যমে কাজ পাওয়ার কথা স্বীকার করেছেন। সমঝোতার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, যাঁদের কাজ দেওয়া হয়েছে তাঁদের নেগো বোর্ডে কাজের ১০ শতাংশ টাকা জমা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।মাগুরা এলজিইডির সহকারী প্রকৌশলী ও দরপত্র কমিটির সভাপতি এ বি এম জাকারিয়া প্রথম আলোকে বলেন, ১৯টি গ্রুপে মোট ১৭৪টি শিডিউল বিক্রি হয়েছিল। জমা পড়েছে ৫৬টি। অর্থাৎ প্রতি গ্রুপে প্রায় তিনটি করে দরপত্র জমা পড়েছে।মাগুরা এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুভাষ চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, ‘আমরা দরপত্র বিক্রির সময় পুলিশ ও র্যাব সদস্যদের রেখেছিলাম। বিক্রি বা জমাদানের ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। ওই ব্যাপারে আমার কাছে কেউ অভিযোগও করেনি।’এ ব্যাপারে মাগুরা-১ আসনের সাংসদ অধ্যাপক মোহাম্মদ সিরাজুল আকবরের মুঠোফোনে ঢাকা থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘জেলা আওয়ামী লীগের সেক্রেটারি হিসেবে আমার কিছু দায়িত্ব আছে। আমাদের লোকজন যাতে কাজ পায়, মিলেমিশে কাজ করে এবং গন্ডগোল না করে, সে জন্য সমঝোতার একটা প্রক্রিয়া করা হয়েছে।’