পৌনে নয় লাখ শিশুকে ভিটামিন এ এবং কৃমির ওষুধ খাওয়ানো হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস প্রচারণা উপলক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশন পৌনে নয় লাখ শিশুকে ভিটামিন ও কৃমির ওষুধ খাওয়ানোর ঘোষণা দিয়েছে। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।সংবাদ সম্মেলনে বলা হয়, ভিটামিন ও কৃমির ওষুধ খাওয়াতে করপোরেশনের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চার হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে। আজ রোববার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত নগরের এক হাজার ১১২টি স্বাস্থ্যকেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও কৃমির ওষুধ খাওয়ানো হবে। প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে এক থেকে পাঁচ বছরের প্রায় পাঁচ লাখ শিশুকে একটি ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং দুই থেকে পাঁচ বছরের পৌনে চার লাখ শিশুকে একটি করে কৃমিনাশক বড়ি খাওয়ানো হবে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরী। এ সময় করপোরেশনের আঞ্চলিক চিকিৎসা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।