পৌনে পাঁচ বছর পর অভিযোগপত্র গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারার তালসরা দরবার শরিফ থেকে কোটি টাকা লুটের অভিযোগে করা মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র প্রায় পৌনে পাঁচ বছর পর গ্রহণ করেছেন আদালত। এই মামলার সাত আসামির মধ্যে রয়েছেন র‍্যাব-৭ চট্টগ্রামের সাবেক অধিনায়কসহ বাহিনীর চার কর্মকর্তা। হাইকোর্টের নিষেধাজ্ঞার কারণে প্রায় পৌনে চার বছর এই মামলার কার্যক্রম বন্ধ ছিল।

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন শুনানি শেষে অভিযোগপত্রটি গ্রহণ করেন। একই সঙ্গে মামলাটির বিচার শুরু করার জন্য পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন বিচারক।

২০১১ সালের ৪ নভেম্বর আনোয়ারার তালসরা দরবার শরিফ থেকে ২ কোটি ৭ হাজার টাকা লুট করার অভিযোগ ওঠে র‍্যাবের বিরুদ্ধে। এ ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরের বছরের ১৩ মার্চ র‍্যাব-৭ চট্টগ্রাম অঞ্চলের সাবেক অধিনায়ক (বরখাস্ত) লে. কর্নেল জুলফিকার আলী মজুমদারসহ বাহিনীর ১০ সদস্য, দুই সোর্সসহ ১২ জনের বিরুদ্ধে আনোয়ারা থানায় ডাকাতির মামলা করেন দরবার শরিফের এক কর্মী।

২০১২ সালের ২৮ জুলাই আনোয়ারা থানার পরিদর্শক আবদুস সালাম জুলফিকার আলীসহ সাতজনকে আসামি করে চট্টগ্রাম আদালতে অভিযোগপত্র জমা দেন। অন্য আসামিরা হলেন তৎকালীন র‍্যাব-৭ চট্টগ্রামের সদস্য ফ্লাইট লেফটেন্যান্ট (বাধ্যতামূলক ছুটিতে) শেখ মাহমুদুল হাসান, সুবেদার আবুল বশর, উপপরিদর্শক (এসআই) তরুণ কুমার বসু, র‍্যাবের সোর্স দিদারুল আলম, মানব বড়ুয়া ও আনোয়ার মিয়া।

২০১২ সালের ৩০ এপ্রিল জুলফিকার আলীকে চাকরিচ্যুত করে সেনাবাহিনী। এর আগে তাঁকে র‍্যাব চট্টগ্রাম থেকে সরিয়ে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছিল। চাকরিচ্যুত হওয়ার পর আত্মগোপন করেন তিনি। একই বছরের ৩ মে ঢাকার রমনা থানা এলাকায় এক বন্ধুর বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে আনোয়ারা থানা-পুলিশ। ২০১২ সালের ১৭ জুন জুলফিকার আলী উচ্চ আদালত থেকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পান। এরপর ২১ জুন তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। তিনি এখন এই মামলায় জামিনে আছেন।