পৌনে পাঁচ বছর পর নেত্রকোনায় আ.লীগের কর্মিসভা
পৌনে পাঁচ বছর পর নেত্রকোনা জেলা আওয়ামী লীগের আয়োজনে গত মঙ্গলবার কর্মিসভা হয়েছে। এতে দীর্ঘদিন পর এক মঞ্চে বসলেন আওয়ামী লীগের পাঁচ সাংসদ। কর্মিসভায় নেতারা পরস্পরবিরোধী বক্তব্য দেওয়া শুরু করলে হালকা উত্তেজনা দেখা দেয়। পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
কর্মিসভায় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিয়র রহমান খান সভাপতিত্ব করেন। ওই কর্মিসভা বেলা দুইটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত চলে।
দলীয় সূত্র জানায়, মহাজোট সরকার গঠনের পর জেলা আওয়ামী লীগ কোনো কর্মিসভা করেনি। এত দিন সাংসদেরা তাঁদের পছন্দমতো লোকজন নিয়ে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। এ নিয়ে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ ছিল। এর বহিঃপ্রকাশ ঘটেছে ওই কর্মিসভায়। এতে দলীয় সাংসদদের বিরুদ্ধে নানা অনিয়ম তুলে ধরেন তৃণমূলের নেতারা।
সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংসদ মোস্তাক আহমেদ রুহী, অধ্যক্ষ মতিউর রহমান, রেবেকা মমিন, আশরাফ আলী খান, মঞ্জুর কাদের কোরাইশী, ওয়ারেসাত হোসেন বীর প্রতীক, অপু উকিল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বজন চন্দ্র সরকার, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাবিবা রহমান, জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন প্রমুখ।