পৌনে ২ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা সদর উপজেলার ১০টি ইউনিয়নে প্রায় পৌনে দুই কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির ৪৮টি প্রকল্পের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। গত ১১ নভেম্বর প্রকল্পের কাজ শুরু হয়ে আগামী ৩ জানুয়ারি তা শেষ হবে। প্রকল্প-সংশ্লিষ্টদের দাবি, এরই মধ্যে কাজের ৯৫ শতাংশ সম্পন্ন হয়েছে। কিন্তু প্রকল্পে নির্ধারিত উপকারভোগী (শ্রমিক) নিয়োগ না করে নামমাত্র ১৫-২০ দিন কাজ করিয়ে প্রকল্পের সিংহভাগ টাকা লোপাটের পাঁয়তারা চলছে বলে অভিযোগ রয়েছে। ইতিমধ্যে কাজের দুই কিস্তির (২০ দিনের) বিল তুলে নেওয়া হয়েছে। বাকি টাকাও তুলে নেওয়ার প্রক্রিয়া চলছে। গত জুনে একই প্রকল্পের অধীনে সদর উপজেলায় ৩৯টি রাস্তার সংস্কার কাজে ব্যাপক দুর্নীতি ও লুটপাটের ঘটনা ঘটে। শ্রমিকদের অভিযোগ, প্রতি ১০ দিন পর পর শ্রমিকদের মজুরি তাঁদের নামে করা ব্যাংক হিসাব নম্বর থেকে তুলে নেওয়ার কথা থাকলেও প্রকল্প-সংশ্লিষ্টরা নিজেরাই সেসব হিসাব নম্বর থেকে টাকা তুলে নিয়ে যান। বরগুনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল খালেক প্রথম আলোকে বলেন, ‘আমিও বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন এমন অভিযোগ পাচ্ছি। কিন্তু এ বিষয়ে কথা বলে উল্টো দোষে পড়তে হয়। তাই নীরবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’ তিনি আরও বলেন, গত জুনে ৩৯টি প্রকল্পে ২০ শতাংশ কাজ হয়েছিল। এবার তা-ও হবে কি না সন্দেহ আছে।ভুক্তভোগী শ্রমিকেরা অভিযোগ করেন, গত ৩ নভেম্বর থেকে প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলেও ২৮ ডিসেম্বর পর্যন্ত মাত্র ১৫-২০ দিন কাজ করানো হয়েছে।সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা যায়, ৪৮টি প্রকল্পে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এক কোটি ৬৮ লাখ ৬৩ হাজার টাকা বরাদ্দ দেয়। এতে দুই হাজার ৪০৯ জন অতিদরিদ্র ব্যক্তি কাজের সুযোগ পাওয়ার কথা। প্রকল্পের শর্তানুযায়ী, অতিদরিদ্র পরিবারের ব্যক্তিরা প্রকল্পে উপকারভোগী (শ্রমিক) হিসেবে প্রত্যেকে দৈনিক ৪৫ ঘনফুট মাটি কাটার বিনিময়ে ১৭৫ টাকা মজুরি পাবেন। গত ১১ নভেম্বর উপজেলার সব কটি প্রকল্পে একযোগে কাজ শুরু হয়। সম্প্রতি বরগুনা সদরের বালিয়াতলী ইউনিয়নের ফালিসাতলী এলাকায় গিয়ে দেখা যায়, ফালিসাতলী খাল পুনর্খনন প্রকল্পে ৬৭ জন শ্রমিক তালিকাভুক্ত হলেও সেখানে ৩৩ জন কাজ করছেন। প্রকল্প কমিটির চেয়ারম্যান স্থানীয় সংরক্ষিত আসনের নারী সদস্য খাদিজা বেগমের স্বামী ফারুক হোসেন কাজের তদারক করছেন। তিনি দাবি করেন, এখানে তিনি ৬৭ জন শ্রমিক দিয়ে নিয়মমাফিক কাজ করিয়েছেন। বাকি শ্রমিকেরা কোথায়—জানতে চাইলে তিনি বলেন, ‘তারা আশপাশেই আছেন।’ কত দিন ধরে কাজ করছেন এবং কত টাকা মজুরি পেয়েছেন—জানতে চাইলে প্রকল্পে নিযুক্ত শ্রমিক সর্দার মন্টু মোল্লা বলেন, ‘কত দিন কাম করছি হেইয়্যা মোনে (মনে) নাই। আর টাহা কত পাইছি হেইয়্যাও কইতে পারমু না।’ শ্রমিক মাসুম বলেন, ‘এই প্রকল্পে প্রথম দিকে আমি তিন দিন কাম করছি। মজুরিও পাইছি তিন দিনের। তয় আমার কাছ দিয়া একদিনে ১৪টা সই নেছে মেম্বারে।’বুড়িরচর ইউনিয়নের পূর্ব সোনাতলা এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, পূর্ব সোনাতলা মিলন ফকিরের দোকান থেকে জয়নাল মোল্লার বাড়ি পর্যন্ত সড়ক সংস্কার প্রকল্পে ৫০ জন শ্রমিক নিয়োগের কথা থাকলেও সেখানে ৩০-৩৫ জন শ্রমিক নিয়োগ করে ১০-১২ দিন নামমাত্র কাজ করানো হয়েছে। প্রকল্পের শ্রমিক সর্দার ইসাহাক সিকদার বলেন, ‘কয় দিন কাম অইছে হেইডা কইতে পারমু না। তয় যে কাম অইছে হেইয়্যা তো আপনেরা চোহেই দ্যাহেন।’ প্রকল্পের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট এলাকার সংরক্ষিত নারী সদস্য মিতা নূর বলেন, ‘আমার সাহেবের (স্বামী) সঙ্গে কথা বলেন।’ পরে মিতা নূরের স্বামী মতিউর রহমান দাবি করেন, ‘আমরা ঠিকঠাকভাবে কাজ করিয়েছি এবং শ্রমিকদের মজুরি শোধ করেছি।’এ ব্যাপারে অগ্রণী ব্যাংক, বরগুনা শাখার ব্যবস্থাপক মো. মোখতার হোসাইন বলেন, ‘প্রতি ১০ দিন পরপর ৪০ দিনের কাজের মজুরি সরাসরি শ্রমিকদের হিসাব নম্বরে দেওয়ার কথা থাকলেও দুই কিস্তির মজুরি প্রকল্প কমিটির মাধ্যমে দেওয়া হয়।’ এটি নিয়মবহির্ভূত বলে স্বীকার করেন তিনি। এরপর থেকে সরাসরি শ্রমিকদের হিসাব নম্বরে বিল পরিশোধ করা হবে বলে আশ্বাস দেন ব্যাংকের ব্যবস্থাপক।অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে সদর উপজেলার পিআইও রণজিৎ কুমার কর্মকার প্রথম আলোকে বলেন, ‘এরই মধ্যে কাজের ৯৫ ভাগ শেষ হয়েছে। কাজ আগেরবারের তুলনায় ভালো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘যাঁরা কাজ থেকে সুবিধা পাননি, তাঁরা অনেকে অনিয়মের মিথ্যা অভিযোগ তুলছেন।’সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমার কাছে এখনো কেউ এমন অভিযোগ করেনি। তবে বিষয়টি খতিয়ে দেখব।’