পৌর অধ্যাদেশ সংসদে উত্থাপিত
সংশোধিত স্থানীয় সরকার (পৌরসভা) অধ্যাদেশ ২০১৫ ও মানিলন্ডারিং প্রতিরোধ (সংশোধন) অধ্যাদেশ-২০১৫ আজ রোববার সংসদে উত্থাপিত হয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক অধ্যাদেশ দুটি উত্থাপন করেন।
সংবিধান অনুযায়ী অধ্যাদেশ জারির পর সংসদের প্রথম অধিবেশনে তা সংসদে উত্থাপনের বাধ্যবাধকতা রয়েছে।
এর আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল সাড়ে চারটার পর সংসদের প্রথম অধিবেশনের প্রথম কার্যদিবস শুরু হয়। এ সময় তিনি জানান, সম্প্রতি প্রয়াত সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দ মহসীন আলীর মৃত্যুতে রেওয়াজ মাফিক সংসদের অধিবেশন মুলতবি করা হবে।
অধিবেশন শুরুর আগে বিকেল সাড়ে তিনটায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সংসদের গণসংযোগ শাখা জানায়, বৈঠকে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত অধিবেশন চালানোর সিদ্ধান্ত হয়। প্রয়োজনে স্পিকার অধিবেশনের মেয়াদ বাড়াতে বা কমাতে পারবেন।
বৈঠকে কমিটির সদস্য সংসদ নেতা শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, এইচ এম এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, ফজলে রাব্বী মিয়া, আবুল হাসানাত আবদুল্লাহ, রাশেদ খান মেনন, আ স ম ফিরোজ, মইন উদ্দীন খান বাদল ও আনিসুল হক অংশ নেন।