সাংবাদিকের গাড়িতে গুলির ঘটনায় চট্টগ্রামের রাউজানে পৌর আওয়ামী লীগের এক নেতাসহ দুজনকে আটক করা হয়েছে। আজ সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মুন্সিরঘাটা এলাকা থেকে পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুল লতিফ ও যুবলীগ কর্মী আবু সালেককে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (উত্তর) মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে রাতে মুঠোফোনে বলেন, গত ২২ নভেম্বর রাউজানে মোহনা টিভির গাড়িতে গুলি করার অভিযোগে আবদুল লতিফ ও আবু সালেককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সালেক গাড়িতে গুলি করার কথা পুলিশের কাছে স্বীকার করেছে।
গত ২২ নভেম্বর চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের গুলিতে মোহনা টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরোর এক সাংবাদিক আহত হয়েছেন। মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর দাফন শেষে ফেরার সময় গহিরা বাজারে মোহনা টেলিভিশনের মাইক্রোবাস লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এই ঘটনায় রাউজান থানায় একটি মামলা করা হয়।