পৌর এলাকায় আঁধারে বসবাস
বিদ্যুৎ-সংযোগ না পেয়ে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার সাতটি মহল্লার আড়াই শ পরিবার অন্ধকারে দিন কাটাচ্ছে। বিদ্যুৎ কার্যালয়ে ধরনা দিয়েও তারা সংযোগ পাচ্ছে না। এতে পরিবারগুলোর শিক্ষার্থীসহ হাজার খানেক মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাচ্ছে।গোপালপুরপাড়ার বাসিন্দা ও ঠাকুরবাড়ী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী লাবণী খাতুন বলে, ‘পৌরসভার ভেতরে এখনো বিদ্যুৎহীন থাকতে হয়, এটা ভাবাই যায় না। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমাদের এখনো কুপির বাতিতে পড়াশুনা করতে হচ্ছে।’সরেজমিনে গিয়ে দেখা গেছে, পৌরভবন থেকে আধা কিলোমিটার উত্তরে গোপালপুর ও মধুবাড়ী মহল্লার ২৫টি বাড়িতে বিদ্যুৎ-সংযোগ নেই। মহল্লা দুটি যথাক্রমে পৌরসভার ১ ও ৬ নম্বর ওয়ার্ডে পড়েছে। ওয়ার্ড ও মহল্লা ভিন্ন হলেও ২৫টি বাড়ি পাশাপাশি অবস্থিত। পরিবারগুলোতে দেড় শতাধিক সদস্য রয়েছে। তাদের অনেকেই স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বাড়িগুলোর পূর্ব ও পশ্চিমে দুই মাথায় এক থেকে দেড় শ গজের মধ্যে বিদ্যুতের খুঁটি রয়েছে। সেগুলোতে সংযোগ আছে। মধুবাড়ী মহল্লার কৃষক আবদুল কুদ্দুস (৫৮) জানান, ১৯৯২ সালে তিনি ওই মহল্লায় প্রথম বাড়ি করেন। ১৯৯৫ সালে তিনি বিদ্যুতের জন্য আবেদন করেন। কিন্তু সে সময় পর্যাপ্ত গ্রাহক না থাকায় বিদ্যুৎ-সংযোগ দেয়নি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। একে একে বাড়ির সংখ্যা বাড়তে থাকে। সর্বশেষ গত ২২ মার্চ তাঁরা সংযোগের জন্য আবার আবেদন করেন। তাঁরা শিগগির এ পাড়ায় বিদ্যুৎ-সংযোগ দেওয়ার জোর দাবি জানান।গোপালপুর ও মধুবাড়ী ছাড়াও পৌরসভার কালুপাড়ার ৩৬, ভূঁইয়াপাড়ার (রহমপাড়া) ২৫, বৈদ্যনাথপুরের (মণ্ডলপাড়া) ৫৫, চকনাজিরপুরে ২০, কেশবপুরে ৪৫ ও বিরোপাড়ায় ৪৮টি পরিবার এখনো অন্ধকারে দিন কাটাচ্ছে বলে জানা গেছে। পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কমিশনার আবদুল বারী বলেন, ‘বিদ্যুতের বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। এটা পল্লী বিদ্যুৎ সমিতি সমাধান করতে পারে।’গোপালপুর পৌরসভার মেয়র মঞ্জুরুল ইসলাম জানান, বিদ্যুৎ-সংযোগের জন্য প্রতিনিয়ত ওইসব এলাকার মানুষের রোষানলে পড়তে হচ্ছে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানালে তারা খুঁটি নেই, বিদ্যুতের লোড নেই, সংযোগ বন্ধ রয়েছে—এ রকম নানা অজুহাত দেখায়। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২, বনপাড়া প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (জিএম) মো. বেলাল উদ্দিন জানান, বিষয়টি তিনি জানতেন না। এ সম্পর্কে খোঁজখবর নিয়ে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।