পৌর এলাকায় বিএনপি নেতার ইটভাটা

আইনে নিষেধাজ্ঞা থাকলেও ঠাকুরগাঁও পৌর এলাকায় একটি ভাটায় ইট পোড়ানো হচ্ছে। আইন লঙ্ঘন করে লোকালয়ের মধ্যে বছরের পর বছর এই ভাটায় ইট পোড়ানো হলেও তা সরিয়ে নেওয়ার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।
ঠাকুরগাঁও পৌর এলাকায় ১৯৯২ সালে সদর থানা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন গোবিন্দনগর এলাকায় এম এবি ব্রিকস নামের এই ইটভাটা স্থাপন করেন। ১৯৯৮ সালে গোবিন্দনগর, ইসলামনগর ও ঠাকুরগাঁও রোড এলাকা পৌরসভায় অন্তর্ভুক্ত হয়। পৌরসভা সূত্রে জানা গেছে, গত সাত-আট বছর ধরে ট্রেড লাইসেন্স নবায়ন করেনি ইটভাটা কর্তৃপক্ষ।
২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের ৮ নম্বর ধারার ১ নম্বর উপধারায় আবাসিক, পৌর এলাকাসহ ছয় ধরনের এলাকার ভেতরে ইটভাটা স্থাপন নিষিদ্ধ করা হয়েছে। এই ধারার ৩ নম্বর উপধারায় ভাটা স্থাপনে নিষিদ্ধ এলাকার সীমারেখার এক কিলোমিটার দূরত্বের মধ্যে ইটভাটা স্থাপন নিষিদ্ধ করা হয়েছে।
গত সোমবার সরেজমিনে দেখা গেছে, দুড়ামারি-রুহিয়া সড়কের পাশে পৌর এলাকার ১০ নম্বর ওয়ার্ডের মধ্যে ইট পোড়ানোর কাজ চলছে। ভাটা ঘিরে রয়েছে মানুষের বসতি। ভাটার কালো ধোঁয়ায় এলাকার গাছপালা ও লতাপাতা বিবর্ণ হয়ে গেছে। ভাটার ১০০ গজের মধ্যে রয়েছে গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভাটার মাটি সড়কের পাশে স্তূপ করে রাখা হয়েছে। কিছু মাটি সড়কের ওপর এসে পড়েছে।
গোবিন্দনগর মহল্লার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, এমনিতে পৌর এলাকার মহল্লাগুলোতে ঘনবসতি, তার মধ্যে ইটভাটায় রাত-দিন চলছে ইট পোড়ানোর কাজ। ইট পোড়ানোর মৌসুমে বাড়িঘর ধুলাবালি দিয়ে ভরে যায়, তখন ঘরের দরজা-জানালা বন্ধ করে রাখতে হয়।
এম এবি ব্রিকসের মালিক আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তাঁর ছোট ভাই মো. জাহাঙ্গীর আলম বলেন, ভাটাটি যখন স্থাপন করা হয়, তখন ওই এলাকা পৌরসভার মধ্যে ছিল না।
পরে পৌরসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন অন্য এলাকায় ভাটাটি সরিয়ে নিতে প্রচুর আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে। এ বিষয়টি সরকারের বিবেচনা করা উচিত।
পরিবেশ অধিদপ্তর রংপুরের বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. আকতারুজ্জামান জানান, পৌর এলাকায় ইটভাটা চালানোর কোনো নিয়ম নেই। পৌর এলাকা বর্ধিত হওয়ার আগে স্থাপন করা হলেও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনটি কার্যকর হওয়ার দুই বছরের মধ্যে ভাটাটি সরিয়ে নিতে হবে। এটাই বিধান। এর ব্যতিক্রম হলে ইটভাটার লাইসেন্স বাতিল হয়ে যাওয়ার কথা।