পৌর এলাকায় ৩০ ইটভাটা
আম, কাঁঠাল, লিচুর ফলন অনেক কমে গেছে; কলার আকারও এখন তেমন বড় হয় না। বুকের ব্যথা, সর্দি-কাঁশি লেগেই থাকে। এগুলো ইটভাটার জন্য হচ্ছে, তা সাধারণ মানুষ জানে না। তারা এটাকে স্বাভাবিক বলে মেনে নিয়ে দিন পার করছে। কয়েক বছর আগে এলাকাটি পৌরসভার অন্তর্ভুক্ত হলেও এসব ইটভাটা তুলে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়নি। বলছিলেন বগুড়া শহরের বনানী এলাকার ব্যবসায়ী আবদুস সোবহান।বগুড়া শহরে যানবাহনের কালো ধোঁয়া আর শব্দদূষণের সঙ্গে যোগ হয়েছে ইটভাটার কালো ধোঁয়া। পৌর এলাকায় কোনো ইটভাটা থাকার কথা নয়, কিন্তু বগুড়া পৌর এলাকায় রয়েছে ৩০টি ইটভাটা। এতে পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়ছে। এসব ইটভাটা সরিয়ে নেওয়ার ব্যাপারে পৌর কর্তৃপক্ষ বা পরিবেশ অধিদপ্তর একেবারে নীরব। পৌর কর্তৃপক্ষ বলছে, বিষয়টি তাদের মনেই আসেনি।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিবেশ আইন অনুযায়ী, জনবসতিপূর্ণ এলাকায় তিন কিলোমিটারের মধ্যে (যেখানে আনুমানিক ৫০টি পরিবার বাস করে) ইটভাটা স্থাপন করা যাবে না। তা ছাড়া পৌর এলাকার মধ্যেও কোনো ইটভাটা করা যাবে না। বগুড়া পল্লি উন্নয়ন একাডেমির যুগ্ম পরিচালক এ কে এম জাকারিয়া বলেন, কোনো এলাকায় ইটভাটা বেশি হলে সেখানে কার্বনের মাত্রা ও তাপমাত্রা বেড়ে যায়। পৌর এলাকায় এখনো এসব ইটভাটা কীভাবে রয়েছে, তা প্রশাসনের দেখা উচিত।সরেজমিনে জানা গেছে, পৌর এলাকার ২১ নম্বর ওয়ার্ডের বেজোড়া, ভাটকান্দিসহ আশপাশের এলাকায় আটটি ইটভাটা রয়েছে। এসব এলাকা একসময় শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের মধ্যে ছিল। পরবর্তী সময়ে এলাকাটি বগুড়া পৌরসভায় অন্তর্ভুক্ত হয়। উপজেলার সুলতানগঞ্জ ইউনিয়নে রয়েছে ১৮টি ইটভাটা। এসব ইটভাটাও এখন পৌর এলাকার মধ্যে চলে এসেছে। গড়ে এক কিলোমিটারের মধ্যে প্রায় ৩০টি ইটভাটার অবস্থান। এসব ইটভাটার চিমনির উচ্চতা ১২০ ফুট করার কথা থাকলেও তা মানা হয়নি। তবে এসব ইটভাটার জন্য পরিবেশ অধিদপ্তরের অনুমোদন রয়েছে।বগুড়ার কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ইটভাটার ধোঁয়ার কারণে এলাকার জমিতে ফলন কমে গেছে। নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। কৃষিজমি কমে যাচ্ছে। চাঁচাইতারার চাষি আলাল মিয়া বলেন, এ এলাকায় ধানের ফলন কম হয় ইটভাটার জন্য। শাকসবজি, বেগুন, কলা, করলার ১০ বছর আগে যেভাবে ফলন হতো, এখন আর তা হয় না। ইটভাটার ধোঁয়ার কারণে গাছের পাতা মরে যাচ্ছে। মাদলা ইউনিয়ন পরিষদের সচিব শরিফুল ইসলাম বলেন, এসব ইটভাটার কারণে কৃষিজমির পরিমাণ কমে গেছে। এলাকায় ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরিবেশ বিপর্যয়ের মধ্যে দিন পার করছে। মাদলা স্বাস্থ্য উপকেন্দ্রের উপসহকারী স্বাস্থ্য কর্মকর্তা এনামুল হক জোয়ারদার বলেন, তিনি প্রতিদিন তিনি শতাধিক রোগী দেখেন, তাদের অনেকেই চর্ম, শ্বাসকষ্ট, অ্যালার্জিতে ভোগে। রোগীদের মধ্যে শিশু ও মহিলার সংখ্যাই বেশি।পরিবেশ অধিদপ্তর রাজশাহীর বিভাগীয় পরিচালক নাজমুল হক বলেন, পৌর এলাকার মধ্যে কোনোভাবেই ইটভাটা থাকতে পারে না। এসব এলাকা কয়েক বছর আগেই পৌর এলাকায় অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু এককভাবে ইটভাটা তুলে দেওয়া যাচ্ছে না। বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবর রহমান বলেন, এ নিয়ে আগে কখনো ভাবা হয়নি। এখন তাঁরা বিষয়টি দেখবেন। এসব ইটভাটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি।