পৌর ও ইউপি নির্বাচনের জন্য প্রার্থীর তালিকা করছে জাপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের জন্য মাঠপর্যায় থেকে দলের গুরুত্বপূর্ণ প্রার্থীদের তালিকা পাঠাতে জেলা ও উপজেলা পর্যায়ে চিঠি পাঠিয়েছে জাতীয় পার্টি (জাপা)। চিঠিতে চলতি মাসের মধ্যে ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়ে তালিকা পাঠাতে বলা হয়। দলীয় সূত্র জানায়, স্থানীয় সরকারের এ দুটি নির্বাচনে আওয়ামী লীগ দলীয়ভাবে একক প্রার্থী দিলে জাতীয় পার্টিও একক প্রার্থী দেবে। আগামী জানুয়ারি ও মার্চ মাসে অনুষ্ঠেয় এ দুটি নির্বাচনের জন্য প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে জাতীয় পার্টি।জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারা দাবি করেন, সাড়ে চার হাজার ইউনিয়ন ও প্রায় পৌনে ৩০০ পৌরসভার মধ্যে এক হাজারের বেশি স্থানে জাতীয় পার্টির শক্তিশালী প্রার্থী রয়েছেন। তাঁদের মধ্যে বর্তমানে নির্বাচিত মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সংখ্যা দুই শতাধিক।জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রহুল আমিন হাওলাদার প্রথম আলোকে বলেন, জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনগুলো মহাজোটগতভাবে হলে ভালো ফল আনা সম্ভব। তবে আওয়ামী লীগ যদি এককভাবে এ দুটি নির্বাচনে প্রার্থী দেয়, সে ক্ষেত্রে জাতীয় পার্টিও দলীয় প্রার্থী দেবে। এ জন্য সম্ভাব্য ভালো প্রার্থীদের তালিকা করতে উপজেলা ও জেলা পর্যায়ের নেতাদের বলা হয়েছে।এর আগে গত ৯ অক্টোবর জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ এ দুটি স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী ঠিক করার ঘোষণা দিয়েছিলেন।