নরসিংদী সদরে গতকাল বুধবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকা ও সড়ক পানিতে ডুবে গেছে। এতে দুর্ভোগে পড়েছে পৌর শহরের বাসিন্দারা। তাদের অনেকের অভিযোগ, পয়োনিষ্কাশনব্যবস্থায় পৌর কর্তৃপক্ষের অব্যবস্থাপনা এ জলাবদ্ধতার জন্য দায়ী।
আজ বেলা ১১টার দিকে শহরের বিলাসদী, তরোয়া, ভেলানগর, বানিয়াছল, রাঙ্গামাটিয়া, ব্রাহ্মন্দী ও দাসপাড়া এলাকা ঘুরে আমাদের প্রতিনিধি জানান, এসব এলাকার বিভিন্ন সড়ক বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে বিলাসদী এলাকায় সার্কিট হাউস, স্টেডিয়াম মার্কেট ও ভেলানগর এলাকায় জেলা কারাগারের সামনে হাঁটুপানি জমেছে। রাঙ্গামাটিয়া, ব্রাহ্মন্দী, দাসপাড়া এলাকার বিভিন্ন অলিগলির নর্দমায় বৃষ্টির পানি প্রবেশ করায় ময়লা উপচে উঠে আশপাশে ছড়িয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছে পথচারীরা। রিকশাচালক ও যাত্রীরাও একই দুর্ভোগে পড়েছে।
নরসিংদী জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. জাকের হোসেন প্রথম আলো ডটকমকে জানান, কারাগারের ভেতরে ও বাইরে হাঁটুপানি জমেছে। সকাল থেকে দুটি সেচযন্ত্র দিয়ে পানি সরানো হচ্ছে। নর্দমাগুলোতে আবর্জনা জমে শক্ত হয়ে থাকায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে তাঁর ধারণা।
দাসপাড়া এলাকার শিক্ষার্থী আবদুল্লাহ রোকনের (২৬) ভাষ্য, ‘আগে লোকমান মেয়র আছিল। সব সময় শহরটারে অনেক পয়পরিষ্কার রাখতেন। নিজে ঘুইরা ঘুইরা এলাকার সমস্যা খুঁইজা বের কইরা সমাধান করতেন। রাস্তায় পানি জমব তো দূরের কথা, ময়লা পর্যন্ত থাকত না। আর এহন মেয়র সাহেবের দেখা মেলাই ভার, শহরের ড্রেন পরিষ্কার রাখব কখন। পানি জমব না তো কী জমব?’
বিলাসদী এলাকার শিক্ষার্থী সাইফুল ইসলামের (১৮) দাবি, শহরে পয়োনিষ্কাশনে অব্যবস্থাপনার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত চার-পাঁচ বছরে এমন জলাবদ্ধতা দেখেননি বলে তিনি দাবি করেন।
ভেলানগর বাজারের ব্যবসায়ী সেলিম মিয়ার (৩২) ভাষ্য, বর্তমান মেয়র আওয়ামী লীগের সমর্থিত কামরুজ্জামান সরাসরি কোনো রাজনৈতিক দলের প্রার্থী না হওয়ায় এলাকার উন্নয়ন করা তাঁর পক্ষে কঠিন হচ্ছে।
নরসিংদী পৌর প্রকৌশলী মনিরুজ্জামান প্রথম আলো ডটকমকে বলেন, পৌর এলাকার পয়োনিষ্কাশনব্যবস্থার উন্নয়নে ২০০৫ থেকে ২০১১ সাল পর্যন্ত প্রায় ৪৫ কিলোমিটার নর্দমার কাজ হয়েছে। এর মধ্যে বিএমডিএফের আওতায় ১৪ কিলোমিটার, ইউজিআইআইপির আওয়তায় ২৬ কিলোমিটার ও পৌরসভার নিজস্ব বরাদ্দে পাঁচ কিলোমিটার পাকা নর্দমা নির্মাণ করা হয়। এসব পয়োনিষ্কাশনব্যবস্থাসহ পৌর এলাকার সার্বিক উন্নয়নের স্বীকৃতিস্বরূপ তত্কালীন পৌর মেয়র লোকমান হোসেনকে এশিয়া উন্নয়ন প্রকল্প (এডিপি) থেকে ২০০৬ ও ২০০৮ সালে শ্রেষ্ঠ পৌর মেয়র হিসেবে ঘোষণা করা হয়।
এখনকার জলাবদ্ধতা সমস্যার সমাধান জানতে চাইলে পৌর প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, ‘শুনেছি, বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করছি, বিকেলের মধ্যে এসব জলাবদ্ধতা দূর করা সম্ভব হবে।’
এ ব্যাপারে কথা বলতে মুঠোফোনে নরসিংদীর মেয়র কামরুজ্জামানের সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হয়। প্রতিবারই তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।