পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে সড়ক দখলের অভিযোগ
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে সান্তাহার বাইপাস সড়ক দখলের অভিযোগ পাওয়া গেছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে পৌরসভা মসজিদ ও ঈদগাহসংলগ্ন এলাকায় পশু জবাইখানা করার অবকাঠামো নির্মাণ করছে বলে জানা গেছে।নাম প্রকাশ না করার শর্তে পৌরসভার এক কাউন্সিলর জানান, সান্তাহার বাইপাস সড়ক ও পৌরসভার রাধাকান্ত হাটের মধ্যবর্তী স্থানে সওজের বিপুল পরিমাণ জায়গা রয়েছে। মেয়রসহ কয়েকজন কাউন্সিলর ওই জায়গাসহ বাইপাস সড়কের কিছু অংশ দখল করে একের পর এক ব্যবসাপ্রতিষ্ঠান নির্মাণ করে সেগুলো থেকে মোটা অঙ্কের অর্থ-বাণিজ্য করছেন।হাটসংলগ্ন উত্তর পাশের বশিপুর গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম ও এমদাদুল হক জানান, বর্তমানে পৌরসভা কর্তৃপক্ষ বাইপাস সড়কের ওপর যেভাবে মাটি ফেলছে তাতে বৃষ্টি শুরু হলে রাস্তা পিচ্ছিল হয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বশিপুর গ্রামের বাসিন্দাদের অভিযোগ, এক সপ্তাহ ধরে সান্তাহার পৌরসভা কর্তৃপক্ষ তাদের গ্রামের মসজিদ ও ঈদগাহসংলগ্ন সওজের জায়গা দখল করে পশু জবাইখানা নির্মাণের কাজ শুরু করেছে। ওই নির্মাণকাজ বন্ধ করার জন্য পৌর কর্তৃপক্ষের কাছে গ্রামবাসী আবেদন করার পরও কর্তৃপক্ষ নির্মাণকাজ অব্যাহত রেখেছে।ওই গ্রামের বাসিন্দা মহাতাব আলী ও আজিজুল হক জানান, গ্রামের পাশে এই জায়গায় পশু জবাইখানা করা হলে মসজিদের মসল্লিরা নামাজ পড়তে বিড়ম্বনায় পড়বেন। পাশাপাশি পশুর মলমূত্র ও রক্তের গন্ধে বসবাস করা কঠিন হয়ে পড়বে। ওই এলাকার কাউন্সিলর মজিবর রহমান জানান, কোনো প্রকার দরপত্র ছাড়াই পৌর প্রকৌশল বিভাগ জবাইখানার কাজ শুরু করেছে। এ বিষয়ে প্রতিবাদ করলে কর্তৃপক্ষ তাঁর অনুরোধ রাখেনি।সান্তাহার পৌরসভার প্রকৌশলী রেজাউল ইসলাম মাটি ভরাট ও জবাইখানা নির্মাণ সম্পর্কে কিছুই জানেন না বলে জানান।সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। বগুড়া সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’