পৌর কর্মকর্তা-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবি
দেশের বিভিন্ন পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা চাকরি জাতীয়করণের দাবিতে গতকাল সোমবার মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি দিয়েছেন। বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন এর আয়োজন করে।
ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বরগুনা: বরগুনা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা দুপুর ১২টার দিকে বরগুনা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ করেন। বেলা ১১টার দিকে আমতলী পৌর ভবনের সামনে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা একই ধরনের কর্মসূচি পালন করেন। সদরে সমাবেশে বক্তব্য দেন বরগুনা পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ। আমতলীতে বক্তৃতা করেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী তরুণ কুমার ভক্ত, পৌর কাউন্সিলর মনিরুল ইসলাম প্রমুখ। বক্তারা দ্রুত দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন।
কুষ্টিয়া: বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের প্রধান সড়ক এন এস রোডে জেলার পাঁচটি পৌরসভার আয়োজনে মানববন্ধন হয়। এ সময় বক্তব্য দেন কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি গোলাম সারওয়ার প্রমুখ।
বক্তারা বলেন, দেশের পৌরসভাগুলোতে কর্মরত প্রায় দেড় লক্ষাধিক কর্মকর্তা-কর্মচারী শুরু থেকেই নানা বৈষম্যের শিকার হয়ে আসছেন। দেশের ৬০ শতাংশ পৌরসভায় নিয়মিত বেতন হয় না। অধিকাংশ ক্ষেত্রেই বেতন-ভাতাসহ আনুতোষিকের অর্থ মেয়রের খেয়ালখুশির ওপর নির্ভর করে।
চুয়াডাঙ্গা: সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মানববন্ধন হয়। এ সময় বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি আয়ুব আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা প্রতিকূল পরিবেশের মধ্যে নাগরিক সেবা দিয়ে আসছেন। অথচ মাসের পর মাস তাঁদের বেতন-ভাতা বকেয়া থাকায় পরিবার-পরিজন নিয়ে অর্ধাহারে-অনাহারে জীবন যাপন করছেন। অবিলম্বে তাঁদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করা হোক।
পাথরঘাটা (বরগুনা): বেলা ১১টার দিকে উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়। এতে পাথরঘাটা পৌরসভার সচিব জসিম উদ্দিন খানের সভাপতিত্বে বক্তব্য দেন পৌর কর্মকর্তা ও কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব কুমার রায়, দপ্তর সম্পাদক ফরিদ হোসেন প্রমুখ।