পৌর কর্মকর্তা-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবি
পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেছেন ও মানববন্ধন করেছেন।
গতকাল সকালে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি সিলেটের আলমপুর এলাকায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি পেশ করে। প্রধানমন্ত্রীর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন বিভাগীয় কমিশনার মোছাম্মৎ নাজমানারা খানুম। পরে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে মানববন্ধন হয়। এতে সিলেট বিভাগের ১৯টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। মানববন্ধন চলাকালে অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটির সভাপতি সৈয়দ নকীবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কালীকৃষ্ণ পালের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে মানববন্ধন হয়। এতে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলার বিভিন্ন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা যোগ দেন। মানববন্ধন শেষে একই দাবিতে ময়মনসিংহের বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় সরকারের মূল প্রতিষ্ঠান হিসেবে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা সরকারের রাজস্ব তহবিল থেকে বেতন-ভাতা পাচ্ছেন না। পৌরসভার তহবিল থেকে যে বেতন-ভাতা ও আনুতোষিক পেয়ে থাকেন, তাও অনিয়মিত। এতে পরিবার নিয়ে বিপাকে পড়েছেন সারা বাংলাদেশের বিভিন্ন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর ও ময়মনসিংহ জেলার শাখার নেতারা মানববন্ধনে বক্তব্য দেন।