পৌর কর্মকর্তা-কর্মচারীদের নানা কর্মসূচি পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন দেওয়ার দাবি জানিয়েছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এ দাবিতে রাজশাহী বিভাগের বিভিন্ন স্থানে তাঁরা কর্মবিরতি, অবস্থান ধর্মঘটসহ নানা কর্মসূচি পালন করেন।
নাটোরের বাগাতিপাড়া পৌরসভা কার্যালয়ের মূল ফটকের সামনে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের ব্যানারে কর্মবিরতি পালন করা হয়। বক্তব্য দেন পৌরসভার সহকারী প্রকৌশলী আবদুর রউফ, সংগঠনের জেলা শাখার দপ্তর সম্পাদক সেলিম রেজা প্রমুখ। কর্মবিরতি শেষে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, আইনমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী বরাবর পৃথক স্মারকলিপি পাঠানো হয়। গুরুদাসপুর পৌরসভা চত্বরে ঘণ্টাব্যাপী সভা হয়। পৌরসভা কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. শাহনেওয়াজ আলী সভাপতিত্ব করেন। পৌর মেয়র শাহনেওয়াজ আলী ও সচিব হাফশা শারমিন তাঁদের দাবির প্রতি সমর্থন জানিয়ে উপস্থিত ছিলেন। বক্তব্য দেন সংগঠনের সম্পাদক এমদাদুল হক মোল্লা, কোষাধ্যক্ষ মো. নুরুজ্জামান প্রমুখ।
বগুড়ার সান্তাহার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কাজ বন্ধ রেখে পৌর চত্বরে অবস্থান নেন। সেখানে এক সভা হয়। সান্তাহার পৌরসভার কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপসহকারী প্রকৌশলী জিন্নাতুল হক, সংগঠনের সম্পাদক প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।
ধুনট পৌরসভা চত্বরে কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেন। এ সময় পৌরসভার মেয়র এ জি এম বাদশাহ্, সচিব শাহিনুর ইসলাম, পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল মান্নন, সম্পাদক খলিলুর রহমান, সহসভাপতি জহুরুল মল্লিক, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ আফরোজা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন। দাবির সমর্থনে বক্তব্য দেন পৌরসভার সহকারী প্রকৌশলী আবু রায়হান সরকার, উপসহকারী প্রকৌশলী অলোক কুমার বসাক প্রমুখ।
পাবনার বেড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কর্মসূচি পালনের সময় পৌরসভার সামনের সড়কে অবস্থান নিয়ে পথসভা করেন। বক্তব্য দেন জেলা পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, বেড়া পৌরসভা কর্মকর্তা-কর্মচারী পরিষদের সভাপতি লিয়াকত আলী, উপদেষ্টা আবদুল ওহাব খান, রাশেদুল ইসলাম প্রমুখ।
নওগাঁ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন মানববন্ধন ও কলমবিরতি পালন করেছে। জেলা পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সম্পাদক মোসাদ্দেক হোসেন, পৌর সচিব আনোয়ার কবির, সহকারী প্রকৌশলী আমিনুল হক, পৌর পানি সরবরাহ শাখার তত্ত্বাবধায়ক নিজামুল হক প্রমুখ।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নাটোর ও গুরুদাসপুর, আদমদীঘি ও ধুনট (বগুড়া), রায়গঞ্জ (সিরাজগঞ্জ), বেড়া (পাবনা) ও নওগাঁ প্রতিনিধি]