পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি ও সমাবেশ
পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে দেওয়ার দাবিতে গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারীর সৈয়দপুর ও লালমনিরহাটের পাটগ্রামে কর্মবিরতি ও সমাবেশ করেছেন সংশ্লিষ্ট পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা। বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের ডাকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তাঁরা। সমাবেশে বক্তারা বলেন, দেশের ৩২৬টি পৌরসভার অধিকাংশের কর্মকর্তা-কর্মচারী বেতন-ভাতাদি নিয়মিত পাচ্ছেন না। ফলে তাঁরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
পৌর কর্মকর্তা-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে গাইবান্ধা পৌরসভা কার্যালয় চত্বরে কর্মবিরতি ও সমাবেশ করে গাইবান্ধা পৌর কর্মচারী সংসদ ও পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন। সমাবেশে সভাপতিত্ব করেন গাইবান্ধা পৌর কর্মচারী সংসদের সভাপতি নূরুল ইসলাম। বক্তব্য রাখেন গাইবান্ধা পৌরসভার প্যানেল মেয়র তানজিমুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী সিদ্দিকুর রহমান, সহকারী প্রকৌশলী রেজাউল হক, বস্তি উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা বিপুল কুমার সাহা, গাইবান্ধা পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম, গাইবান্ধা পৌর কর্মচারী সংসদের সহসভাপতি অমিতাভ চক্রবর্তী প্রমুখ।
লালমনিরহাট পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা গতকাল পৌর কার্যালয় চত্বরে প্রতীকী কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় বক্তব্য রাখেন লালমনিরহাট পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী পরিষদের সভাপতি এবং সংগঠনের রংপুর বিভাগীয় সভাপতি শফিকুল ইসলাম পাটোয়ারী, সংগঠনের লালমনিরহাট পৌরসভার সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান প্রমুখ।
রংপুর বিভাগীয় সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম বলেন, রংপুর বিভাগের অধিকাংশ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও প্রভিডেন্ট ফান্ড বকেয়া রয়েছে। এ অবস্থায় পরিবার-পরিজন নিয়ে তাঁরা অর্ধাহারে-অনাহারে দিনাতিপাত করে সকাল থেকে রাত পর্যন্ত পৌরবাসীকে সেবা দিয়ে যাচ্ছেন। তাঁদের অনেকে জীবন বাঁচানোর তাগিদে দাপ্তরিক দায়িত্ব পালনের পর রিকশাভ্যান চালিয়ে, কুলিগিরি করেও জীবিকা নির্বাহ করতে বাধ্য হচ্ছেন।
কুড়িগ্রাম কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন পৌরভবন চত্বরে এ কর্মসূচি পালন করে। এ সময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম পৌরসভার সচিব এস এম রেজাউল করিম, নির্বাহী প্রকৌশলী কামাল হোসেন, সংগঠনের জেলা শাখার সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান রাসেল প্রমুখ। কুড়িগ্রাম পৌরভার মেয়র আবদুল জলিল পৌর কর্মকর্তা-কর্মচারীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন।
নীলফামারীর সৈয়দপুর পৌরসভা চত্বরে অবস্থান ধর্মঘট কর্মসূচি চলাকালে বক্তব্য দেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল খালেক, পৌরসভা সচিব আশিস কুমার সরকার, সুজন শাহ, আইয়ুব আলী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি নাজিম আহমেদ।
লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা পৌরসভা চত্বরের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন। এ সময় স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান রহুল আমীন ও পৌর মেয়র শমসের আলী উপস্থিত হয়ে পৌর কর্মকর্তা-কর্মচারীদের দাবির সঙ্গে একাত্মতা জানান। সমাবেশে মোবারক হোসেন, অনুপ কুমার রায় প্রমুখ বক্তব্য দেন।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন এ পৌরসভার ৪০ জন কর্মকর্তা-কর্মচারী। এ সময় নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, নূর মোহাম্মদ প্রমুখ বক্তব্য রাখেন।