পৌর কর্মচারীকে মারধর, চার দিনের কর্মসূচি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া পৌরসভার কর্মচারী ৫ নম্বর ওয়ার্ডের কর আদায়কারী আবদুল কাদেরকে মারধরের ঘটনায় দোষী ব্যক্তিকে গ্রেপ্তারের দাবিতে চার দিনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির প্রথম দিন গতকাল বুধবার পৌর ভবনের মূল ফটকে তালা দিয়ে কালো ব্যাজ ধারণ করে কর্মবিরতি পালন করেছে পৌর কর্মচারী বাস্তবায়ন কমিটি। কর্মচারীদের সূত্রে জানা গেছে, ১৯ মার্চ শহরের গালাপট্টি এলাকায় দাপ্তরিক কাজে গেলে সেই এলাকার ওয়ালিউল কাদির নামের এক ব্যক্তি কাদেরকে অনৈতিক প্রস্তাব দেন। এ প্রস্তাবে সাড়া না দেওয়ায় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পৌর কর্মচারী আবদুল কাদেরকে মারধর করা হয়। পরদিনই এ ব্যাপারে বগুড়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। কিন্তু ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও দোষী ব্যক্তিকে গ্রেপ্তার না করায় তাঁরা আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন। পরবর্তী কর্মসূচিতে আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত কর্মবিরতি পালন, রোববার সকাল ১০টায় শহরে মিছিল সমাবেশ। এর মধ্যে দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনা না হলে আগামী মঙ্গলবার পৌরসভার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেন তাঁরা। বগুড়া সদর ফাঁড়ির উপপরিদর্শক ও এই মামলার তদন্তকারী কর্মকর্তা মঞ্জুরুল হক ভূঁইয়া বলেন, দুই পক্ষ থেকেই অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে। এর মধ্যে পৌর কর্মচারী নেতাদের ডেকে পাঠানো হলেও তাঁরা দেখা করেননি।