হবিগঞ্জে পৌর ভবন ভাঙচুরের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী সংসদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি গতকাল সোমবার প্রত্যাহার করা হয়েছে। জেলা প্রশাসনের সঙ্গে এক সমঝোতা বৈঠকের পর এ সিদ্ধান্ত নেন পৌর কর্মচারীরা। গত রোববার দুপুরে অর্ধশত ব্যক্তি পৌরকর বৃদ্ধির প্রতিবাদ করে মিছিল নিয়ে প্রবেশ করে হবিগঞ্জ পৌরসভায়। মিছিলকারীরা হামলা ও ভাঙচুর করে পৌর ভবন। এ সময় পৌর ভবনের সামনে রাখা নতুন তিনটি পিকআপ গাড়িও ভাঙচুর করা হয়। এ ঘটনার জন্য হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ পৌর আওয়ামী লীগের নেতাদের এ জন্য অভিযুক্ত করেন। এ হামলার প্রতিবাদে হবিগঞ্জ পৌরসভার সব কর্মকর্তা-কর্মচারী অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেন ওই দিন থেকে। গতকাল সোমবার আধা বেলা ও এর আগের দিন পুরো দিন পানি সরবরাহ থেকে বঞ্চিত থাকে শহরবাসী। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। গতকাল সোমবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে পৌরসভার মেয়র, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে জেলা প্রশাসনের কর্মকর্তারা জরুরি বৈঠকে বসেন। এ বৈঠকে জেলা প্রশাসক মাহমুদ হাসান ও পুলিশ সুপার কামরুল আমীন জনগণের স্বার্থে পৌর অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহারের অনুরোধ জানালে তাঁরা প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন।