রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া হলে তাঁদের কাজে গতিশীলতা বাড়বে। গতকাল রোববার বিকেলে দিনাজপুরে স্থানীয় একটি রেস্তোরাঁয় বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সভায় বক্তারা ওই অভিমত প্রকাশ করেন।
সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি সহকারী প্রকৌশলী রইচ উদ্দিন মিঞা। প্রধান অতিথি ছিলেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পার্বতীপুর পৌরসভার মেয়র এ গ্রেড এম মেনহাজুল হক, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আবদুস সবুর, ফুলবাড়ী পৌরসভার মেয়র মো. মরতুজা সরকার মানিক ও বীরগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ হানিফ।
সৈয়দ জাহাঙ্গীর হোসেন বলেন, বর্তমানে সারা দেশের পৌরসভাগুলোর কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত বেতন-ভাতা পান না। দীর্ঘ চাকরিজীবন শেষে খালি হাতে অবসরে যেতে হয়। সরকারের উচিত, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা রাজস্ব খাত থেকে দেওয়া। যে সরকার এই মহৎ কাজটি করবে, সেই সরকারের সুনাম ও মর্যাদা ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে।
সভা শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।