পৌর কাউন্সিলরকে পিটিয়ে আহত করেছে বখাটেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে আটক করে পুলিশে দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তিন বখাটে গত বুধবার মুন্সিগঞ্জ পৌরসভার এক ওয়ার্ড কাউন্সিলরকে পিটিয়ে আহত করেছে।পুলিশ ও এলাকাবাসী জানান, প্রায় চার মাস আগে মুন্সিগঞ্জ সদর উপজেলার রনছ রুহিতপুর উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার কারণে বখাটে ফয়সাল, মাসুম ও মিলনকে আটক করে মুন্সিগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরমান গাজী, স্কুলের শিক্ষকেরা ও এলাকাবাসী মিলে পুলিশে দেন। এ সময় তাৎক্ষণিক বিচারে ভ্রাম্যমাণ আদালত তাদের তিন মাসের কারাদণ্ড দেন। কারাভোগ শেষে সম্প্রতি তারা মুক্তি পায়। গত বুধবার সন্ধ্যায় ওই তিন বখাটেসহ আট-নয়জন আরমান গাজীকে পশ্চিম দেওভোগের অনির্বাণ মাঠের কাছে পথ রোধ করে। তারা আরমানকে অস্ত্রের মুখে আটকে রাখে এবং এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। পরে আহত আরমানকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।আহত আরমান গাজী বলেন, ‘স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার কারণে তিন বখাটেকে ধরিয়ে দেওয়ায় তারা আমার ওপর হামলা করেছে। তারা আমাকে মেরে ফেলার প্রস্তুতি নিচ্ছিল। আশপাশের লোকজন এসে আমাকে বাঁচায়।’এই ঘটনায় মুন্সিগঞ্জ থানায় মামলা হয়েছে। মামলায় বখাটে ফয়সাল, মাসুম, মিলন, মামুনসহ নয়জনকে আসামি করা হয়।এ প্রসঙ্গে সদর থানার ওসি শহীদুল ইসলাম বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।