পৌর কাউন্সিলরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
মুন্সিগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আরমান গাজীর ওপর বখাটেদের হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় শহরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এলাকাবাসী ও রনছ রুহিতপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই কর্মসূচি পালন করে।মানববন্ধনে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক শাহজাহান গাজী, রনছ রুহিতপুর উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল মালেক সরকার, চম্পাতলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্র নারায়ণ দত্ত, জেলা যুবলীগের সহসভাপতি মোয়াজ্জেম হোসেন, শহর বণিক সমিতির সভাপতি আরিফ হোসেন অংশ নেন। পৌর কাউন্সিলরের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক মো. মজিবুর রহমান বলেন, এ ঘটনায় মিলন নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।প্রায় চার মাস আগে রনছ রুহিতপুর উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার জন্য কাউন্সিলর আরমান গাজী, বিদ্যালয়ের শিক্ষকেরাসহ এলাকাবাসী মাসুম, ফয়সাল ও মামুন নামের তিন বখাটেকে ধরে পুলিশে দেয়।