পৌর কাউন্সিলরের নেতৃত্বে প্রেসক্লাবের মালামাল লুট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল জলিল ও তাঁর সহযোগীরা প্রকাশ্যে শ্রীপুর প্রেসক্লাবের মালামাল লুট করে নিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার তাঁরা ওই মালামাল লুটপাট করে অজ্ঞাত স্থানে নিয়ে যান।শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি নূরুন্নবী আকন্দ জানান, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে কাউন্সিলর আবদুল জলিল ও তাঁর ১০-১৫ জন সহযোগী একটি পিকআপ ভ্যানে করে প্রেসক্লাবের মোট ৫৪টি চেয়ার, বড় দুটি টেবিল, চারটি সিলিং ফ্যান, একটি ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন, দুটি স্টিলের আলমারি এবং একটি ফাইল কেবিনেট নিয়ে যান। এ ছাড়া সাংবাদিকদের পুরোনো পত্রিকার নথি এবং মূল্যবান কাগজপত্রও নিয়ে গেছেন তাঁরা। ঘটনার সময় প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক মোশারফ হোসেনকে তাঁরা আটকে রাখেন। মালামাল লুটের খবর পেয়ে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় অভিযুক্ত শ্রীপুর পৌর কাউন্সিলর আবদুল জলিল ঘটনাস্থলেই ছিলেন। তাঁর কাছে মালামাল নিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে পৃথক একটি সূত্র দাবি করেছে, প্রেসক্লাবটি জেলা পরিষদের জায়গায় হওয়ায় ওই কাউন্সিলর সেটি সেখান থেকে উচ্ছেদের পাঁয়তারা করছেন। এর অংশ হিসেবেই গতকাল প্রেসক্লাবের মালামাল নিয়ে যান ওই কাউন্সিলর ও তাঁর সহযোগীরা। তবে জেলা পরিষদ সূত্র বলেছে, ওই জায়গা থেকে প্রেসক্লাব সরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। এদিকে প্রেসক্লাব থেকে মালামাল নিয়ে যাওয়ার বিষয়টি সাংবাদিকেরা তাৎক্ষণিকভাবে শ্রীপুর থানার পুলিশকে অবহিত করেন। পরে থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন খানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। লুটপাটের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল ফকির, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক জাকিরুল হাসান প্রমুখ। এ ব্যাপারে শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তবে রাত সাড়ে ১১টা পর্যন্ত মালামাল উদ্ধার হয়নি।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, পুলিশ প্রেসক্লাবের মালামাল উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।