মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার এক কাউন্সিলর যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই কাউন্সিলরের স্ত্রী বাদী হয়ে গত বুধবার রাতে কুলাউড়া থানায় যৌতুক ও নারী নির্যাতন আইনে মামলা করেছেন।মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, কুলাউড়া পৌর শহরের ফরমুজাবাদ এলাকার বাসিন্দা ও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনজুর আলম চৌধুরী ২০০৯ সালের ৯ আগস্ট স্থানীয় সাদেকপুর এলাকার আমেনা বেগমকে (২০) বিয়ে করেন। তাঁদের এক বছরের এক পুত্রসন্তান আছে। বিয়ের পর বিভিন্ন সময় তুচ্ছ কারণে মনজুর প্রায়ই আমেনাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। সর্বশেষ গত রোববার (২৯ জানুয়ারি) দুপুরে মনজুর ফরমুজাবাদের নতুন বাসায় গভীর নলকূপ স্থাপনের জন্য শ্বশুরবাড়ি থেকে নগদ এক লাখ টাকা আনতে স্ত্রীকে চাপ দেন। এতে অপারগতা প্রকাশ করায় মনজুর ক্ষিপ্ত হয়ে আমেনাকে মাটিতে ফেলে তলপেটে একাধিকবার লাথি মারেন। একপর্যায়ে মনজুর তাঁকে একটি কক্ষে আটকে রাখেন। খবর পেয়ে স্বজনেরা ছুটে গিয়ে আমেনাকে উদ্ধার করেন। পরে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তিনি চিকিৎসা নেন। গত বুধবার রাত ১২টার দিকে আমেনা মনজুরকে আসামি করে থানায় মামলা করেন।আমেনার বাবা খন্দকার খলিলুর রহমান মুঠোফোনে জানান, আমেনা শিশুসন্তানকে নিয়ে বর্তমানে তাঁদের বাড়িতে আছেন। সন্তানের জন্মদানকালে অস্ত্রোপচার (সিজার) হওয়ায় আমেনার তলপেটের সেলাই করা স্থানে ব্যথা এখনো সারেনি ।মুঠোফোনে যোগাযোগ করলে মনজুর আলম চৌধুরী ‘এখন থাক, পরে দেখা হলে বিস্তারিত বলব।’ এ কথা বলে সংযোগ কেটে দেন।