পৌর কাউন্সিলরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
বগুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগের বগুড়া শহর শাখার সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। সরেজমিন গতকাল রোববার শহরের সুইপার কলোনিতে গেলে প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ১১টার দিকে ইব্রাহীম ও তাঁর সাত-আটজন সহযোগী নিয়ে প্রথমে সুইপার কলোনি এবং পরে পাশের থানাপাড়া রেলওয়ে বস্তিতে ঢোকে। তারা বস্তিঘরে দরজায় একের পর এক লাথি মেরে ভেতরে ঢোকে। থানাপাড়া রেলওয়ে বস্তির রিকশাচালক কালুর স্ত্রী ফাতেমা বেগম (৫০) অভিযোগ করেন, ইব্রাহীম ও তাঁর সহযোগীরা তাঁকে লাথি মেরে মেঝেতে ফেলে মারধর করেছে। এরপর ইব্রাহীম রিকশাচালক জসিমের ঘরে ঢুকে তাঁর মাথায় লাঠি দিয়ে আঘাত করলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। জসিমকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। থানাপাড়া বস্তির একজন রিকশাচালকের স্ত্রী জানান, ইব্রাহীম ও তাঁর লোকজন ঘরে ঢুকে তাঁর মেয়েকে কুপ্রস্তাব দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে রেলওয়ে বস্তির এক মহিলা জানান, ইব্রাহীমের ভয়ে শনিবার সকালে তাঁর মেয়েকে আত্মীয়ের বাড়িতে রেখে এসেছেন। ওই এলাকার মহিলা কাউন্সিলর (৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড) রঞ্জনা বেগম গত শনিবার ঘটনাস্থলে যান। ওই দুই বস্তির ভুক্তভোগীদের বরাত দিয়ে রঞ্জনা বেগম প্রথম আলোকে জানান, ইব্রাহিম ও তাঁর লোকজন বস্তির কয়েকটি ঘরে ঢুকে বয়স্ক নারীদের মারধর করে বের করে দিয়ে শিশু-কিশোরীদের যৌন হয়রানি করেছে। বস্তিবাসী ভয়ে কিছু বলতে পারেনি। তারা এখনো আতঙ্কে আছে। রঞ্জনা আরও জানান, তিনি বিষয়টি পৌরসভার প্যানেল মেয়র পরিমল সিং ও বগুড়া সদর থানায় জানিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান জানান, ঘটনাটি তাঁরা শুনেছেন। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, নারী নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে লিখিত অভিযোগ দরকার। তবে রোববার (গতকাল) পর্যন্ত কেউ এ ব্যাপারে অভিযোগ করেননি। অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে ইব্রাহিম হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া গেছে।বিগত জোট সরকারের আমলে ইব্রাহিম হোসেন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন। গত পৌরসভা নির্বাচনে তিনি কাউন্সিলর নির্বাচিত হন।