পৌর কাউন্সিলের অদ্ভুত ফরমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বেচ্ছাসেবক লীগের নেতা ইব্রাহিম হোসেন তাঁর এলাকায় এক অদ্ভুত ফরমান জারি করেছেন। এলাকায় চলাচলের জন্য ওয়ার্ডের বাসিন্দাদের তাঁর সই করা কার্ড রাখার আহ্বান জানিয়ে পোস্টারিং করেছেন তিনি। চলাচলের অনুমতির এই ধরনের কার্ড নেওয়ার আহ্বানে এলাকাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হলেও কাউন্সিলরের ভয়ে কেউ প্রতিবাদের সাহস পাচ্ছে না। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান বলেন, বিষয়টি তিনি জানেন না, খোঁজ নিয়ে দেখবেন। তবে এমন আহ্বান জানানো বা কার্ড দেওয়ার এখতিয়ার পৌর কাউন্সিলরের নেই। সপ্তাহখানেক যাবৎ ৮ নম্বর ওয়ার্ডের সবুজবাগ, জামিলনগর, খান্দার, সেউজগাড়ি, কামারগাড়ি, স্টেশন সড়ক, গোহাইল সড়ক, মালগ্রামসহ আশপাশের এলাকার দেয়ালে দেয়ালে কাউন্সিলরের ছবি এবং ওই আহ্বান-সংবলিত পোস্টার গেছে। ওই ওয়ার্ডের বাইরেও শহরের কিছু এলাকায় এ পোস্টার দেখা গেছে। পোস্টারের ওপরে বড় করে লেখা ‘অপরাধ রোধ করুন, মাদককে না বলুন, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করুন’। শেষের দিকে লেখা রয়েছে, বিশেষ আহ্বান—মা, খালা, আপন বোন ব্যতীত ছাত্রাবাসে কোনো ছাত্রী/মহিলা প্রবেশ করতে পারবে না। পিতা/আপন ভাই ব্যতীত ছাত্রীনিবাসে কোনো ছাত্র প্রবেশ করতে পারবে না। রাত ১০টার পর কোনো ছাত্রছাত্রী বাইরে চলাফেরা করতে পারবে না। তবে পৌর কাউন্সিলরের অনুমতি কার্ড থাকলে তারা চলাচল করতে পারবে। স্টেডিয়াম পুলিশ ফাঁড়ি ও সদর থানা ফাঁড়ি থেকেও ওই কার্ড নেওয়া যাবে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইব্রাহিম হোসেন ২০০৯ সালে পৌর কাউন্সিলর হওয়ার আগে পুলিশের শীর্ষ সন্ত্রাসীর তালিকায় তাঁর নাম ছিল। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে একটি মামলায় তিনি প্রায় এক বছর জেল খেটেছেন। মোটর শ্রমিক ইউনিয়নের সাম্প্রতিক নির্বাচনে সভাপতির পদে নির্বাচন করে তিনি হেরে যান। সবুজবাগ এলাকায় বসবাসরত শিক্ষক রমজান আলী বলেন, ‘রাত ১০টার পর নিজের এলাকায় আসতে হলে বা চলাচল করতে হলে পৌর কাউন্সিলরের অনুমতি কার্ড নিতে হবে এটা কেমন কথা? তাঁর অতীত ভালো না। কখন কী করে বসেন, সে জন্য আমরা চুপ আছি।’ গত শনিবার এসব এলাকার বেশ কয়েকটি ছাত্রাবাস ঘুরে ছাত্রছাত্রীদের কাছে জানতে চাইলে ভয়ে তাঁরা এ বিষয়ে মুখ খোলেননি। কাউন্সিলর ইব্রাহিম হোসেন এসব পোস্টার সাঁটানোর কথা স্বীকার করে বলেন, অন্য এলাকার লোকজন এসে তাঁর এলাকায় সমস্যা সৃষ্টি করছে, বহিরাগত কিছু ছেলে এসে তাঁর ওয়ার্ডে মাদক ব্যবসা করে। সে জন্য তিনি এ ধরনের কার্ড নেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে এই কার্ড সবার দরকার নেই। ইতিমধ্যেই ২০ জন কার্ড নিয়েছেন। তিনি আরও বলেন, তাঁর জীবনের নিরাপত্তা নেই। বহিরাগত লোকদের ঠেকাতে তাঁকে এই ব্যবস্থা নিতে হয়েছে। তবে এ ধরনের কার্ড দেওয়ার বৈধতা আছে কি না তা তাঁর জানা নেই। গতকাল রোববার জানতে চাইলে বগুড়া পৌরসভার মেয়র মাহবুবুর রহমান এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজী হননি।