পৌর খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরে খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে থেকে জেলা প্রশাসক মো. হামিদুল হকের উপস্থিতিতে এ উচ্ছেদ অভিযানের আনুষ্ঠানিকতা শুরু হয়। দখলমুক্ত না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। 

এদিকে জেলা প্রশাসক তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে উচ্ছেদের ঘোষণা দেওয়ায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
জেলা প্রশাসন ও পৌরসভা সূত্রে জানা যায়, ঝালকাঠি পৌর এলাকার শহরের ভেতর দিয়ে স্বাধীনতার পরও ছোট-বড় ২০টি খাল ছিল। কালের বিবর্তনে অধিকাংশ খাল দখল হয়ে যায়। এর মধ্যে সাতটি খালের অস্তিত্ব থাকলেও তা অবৈধ দখল ও আবর্জনায় বিলীন হওয়ার পথে। বর্ষা মৌসুমে এসব খাল থেকে পানি নিষ্কাশন না হতে পেরে শহরের অধিকাংশ জায়গায় জলাবদ্ধতা লেগে থাকে। তাই পৌরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল খালগুলোর অবৈধ স্থাপনা ভেঙে ফেলার। জেলা প্রশাসক মো. হামিদুল হক ঝালকাঠিতে যোগদান করেই খালের অবৈধ স্থাপনা উচ্ছেদে হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি গত আগস্ট মাসে এসব খাল পরিদর্শন করে দখলদারদের স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেন। সর্বশেষ গত নভেম্বর মাসে প্রতিটি স্থাপনায় লাল কালির দাগ দিয়ে চিহ্নিত করে মালিকদের নোটিশ দেওয়া হয়। কেউ কেউ অবৈধ স্থাপনা সরিয়ে নিলেও অধিকাংশ স্থান দখলমুক্ত হয়নি।
উপজেলা পরিষদের খালের মুখে পিলার দিয়ে সীমানা চিহ্নিত করে ভাঙনের সূচনা করা হয়। আর্মড পুলিশ, সিভিল ডিফেন্স, পৌর কর্তৃপক্ষ ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে শ্রমিকেরা স্থাপনাগুলো ভেঙে গুঁড়িয়ে দিচ্ছেন। জেলা প্রশাসক হামিদুল হক নিজেই কাজ তদারক করছেন। দখলদারদের অধিকাংশেরই রান্নাঘর ও শৌচাগার খালের মধ্যে ছিল। অভিযান শুরু হলে অনেককে তাঁদের মালামাল সরিয়ে নিতে দেখা যায়।