পৌর টোল আদায়ে অনিয়ম বন্ধের দাবি
শেরপুরে পৌর টোল আদায়ে অনিয়মের প্রতিবাদে জেলা ট্রাক মালিক সমিতি ও ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন যৌথ সংবাদ সম্মেলন করেছে। গত বুধবার রাতে জেলা শহরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে এই অনিয়ম বন্ধের দাবি জানানো হয়।
জেলা শহরের গোপালবাড়ী এলাকায় ট্রাক মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক এস এম এ ওয়ারেজ নাইম। লিখিত বক্তব্যে তিনি বলেন, বর্তমানে শেরপুর পৌরসভার রাস্তায় ট্রাক চলাচল ও লোড-আনলোড করলে ৫০ টাকা হারে পৌর টোল দিতে হয়। কিন্তু পৌর টোল আদায়কারীরা সড়ক ও জনপথের (সওজ) রাস্তা যেমন নবীনগর, শেরীব্রিজ ও খোয়ারপাড় মোড় এলাকায় ট্রাক দাঁড় করিয়ে টোল আদায় করেন। এ ছাড়া শেরপুর পৌরসভার বাইরে শ্রীবরদী, ঝিনাইগাতী, নালিতাবাড়ী, বকশীগঞ্জসহ অন্যান্য স্থান থেকে আসা ট্রাক থেকেও নিয়মবহির্ভূতভাবে টোল আদায় করা হচ্ছে। এতে ট্রাকমালিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
ওয়ারেজ নাইম অভিযোগ করেন, গত ১৭ জুন বিকেলে শেরপুর শহরের নবীনগর এলাকায় একটি ট্রাকের যান্ত্রিক ত্রুটি পরীক্ষা-নিরীক্ষা করার সময় ইজারাদারের লোকজন ওই ট্রাকচালকের কাছে চাঁদা দাবি করেন। চালক বিষয়টি ট্রাকের মালিক সরোয়ার হোসেনকে জানালে তিনি এ ঘটনার প্রতিবাদ ও চাঁদা দিতে অস্বীকার করেন। এর জের ধরে ইজারাদারের লোকজন ১৭ জুন রাতে সরোয়ার হোসেনের ব্যবসাপ্রতিষ্ঠান সদু এন্টারপ্রাইজে হামলা চালিয়ে ভাঙচুর করেন।
ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক বলেন, ‘জেলা, পুলিশ প্রশাসনসহ সব মহলের সহায়তায় আমরা এই নাজুক পরিস্থিতির দ্রুত অবসান চাই। অন্যথায় ট্রাক মালিক ও শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মো. আবদুল হাই, আন্তজেলা ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আরিফ রেজা, সাধারণ সম্পাদক মো. মজিবর রহমানসহ দুই সংগঠনের নেতারা।
অভিযোগ অস্বীকার করে টোল আদায়ের ইজারাদার জাকারিয়া হোসেন বলেন, তাঁরা নিয়মনীতি মেনেই টোল আদায় করছেন। একটি মহল তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও তাঁর সুনাম ক্ষুণ্ন করার জন্য তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।
এ বিষয়ে পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া বলেন, ‘শুধু শেরপুর পৌর এলাকায় যেসব ট্রাক লোড-আনলোড হবে, সেগুলো থেকেই ইজারাদার টোল আদায় করতে পারবেন। খালি ট্রাক কিংবা পৌর এলাকার বাইরে থেকে লোড হওয়া ট্রাক থেকে ইজারাদারের টোল নেওয়ার কথা না। কোনো অনিয়ম হয়ে থাকলে আমরা ইজারাদারকে ডেকে অনিয়ম বন্ধ করার জন্য বলব।’