পৌর তহবিল থেকে টাকা তুললেন দুই মেয়র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার কাহালু ও বরগুনার পাথরঘাটা পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তফসিল ঘোষণার পর বর্তমান মেয়র ও মেয়র পদে প্রতিদ্বন্দ্বী এসব প্রার্থী পৌর তহবিল থেকে অর্থ উত্তোলন করেছেন, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল। পৌর তহবিল থেকে অনুদান দেওয়ায় কাহালু পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ও পৌর নির্বাচনে বিএনপির নেতা মেয়র প্রার্থী আবদুল মান্নানের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। গত বুধবার দুই মেয়র প্রার্থী আবদুল মান্নানের বিরুদ্ধে লিখিত ওই অভিযোগ দেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, তফসিল ঘোষণার পর আবদুল মান্নান তাঁর স্বাক্ষরে ৬০ হাজার ৬৬৫ টাকার অনুদান দেন, সাবেক মেয়র, বর্তমান মেয়র, কাউন্সিলরের ভাতা প্রদান, কর্মচারীর বেতনসহ ৮ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত পৌরসভার তহবিল থেকে নয় লাখ ৭২ হাজার ১০ টাকা ব্যয় করেছেন। এর পরিপ্রেক্ষিতে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোজাম্মেল হক বুধবার কাহালু পৌরসভা পরিদর্শন করেন এবং কাগজপত্র পরীক্ষা করে এর সত্যতা পান। ভারপ্রাপ্ত মেয়র আবদুল মান্নান জানান, এসব টাকা পৌরসভার কোষাধ্যক্ষ খরচ করেছেন, তিনি নন। তবে কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, ‘আমি পৌরসভার কর্মচারী মাত্র। সমস্ত টাকা মেয়রই খরচ করেছেন।’ রিটার্নিং কর্মকর্তা মোজাম্মেল হক জানান, বিষয়টি তদন্ত করা হয়েছে। পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে।বরগুনার পাথরঘাটা পৌর নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান মেয়র আনোয়ার হোসেনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেলিম রেজা ২৬ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ দেন। অভিযোগে উল্লেখ করা হয়, আসন্ন পৌর নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র আনোয়ার হোসেন ৯ ডিসেম্বর জারি করা সরকারি পরিপত্র লঙ্ঘন করে পৌরসভার ব্যাংক চেকে স্বাক্ষর করেছেন এবং দরপত্র ছাড়া কাজ করে তাঁর (মেয়র) আত্মীয়স্বজনের মাধ্যমে মোট ১১ লাখ ৫০ হাজার ৭০৮ টাকা তুলেছেন। তিনি পৌর তহবিল থেকে ৯ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত এ টাকা তোলেন। এ ছাড়াও পৌরসভার কর্মচারীদের নির্বাচনী কাজে ব্যবহার করাসহ ভোটারদের প্রভাবিত করতে পৌর এলাকায় নতুনভাবে কাঁচা ও পাকা রাস্তা নির্মাণসহ বেশকিছু উন্নয়নমূলক কাজ করছেন।উপজেলা নির্বাচন কর্মকর্তা মোস্তফা কামাল মেয়র প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।